বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ১০ শতাংশ কমেছে


মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ১০ শতাংশ কমেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের ৪ মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর) মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ১০ দশমিক ৪৭ শতাংশ কমেছে। এই তিন মাসে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৭ দশমিক ৪৬ শতাংশ।

কিন্তু ২০১৭ সালের ওই সময়ে (অক্টোবর থেকে ডিসেম্বর) নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৭৭ দশমিক ৯৪ শতাংশ। যা এবছর ১০ দশমিক ৪৮ শতাংশ কম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ২০১৭ ও ২০১৮ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হারের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর মাসে নয়টি মন্ত্রিসভা বৈঠকে ৮৩টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৫৬টির, ২৭টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৭ দশমিক ৪৬ শতাংশ।

অপরদিকে ২০১৭ সালের একই সময়ে আটটি মন্ত্রিসভা বৈঠক হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই সময়ে সিদ্ধান্ত হয় ৬৮টি। এর মধ্যে ৫৩টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নাধীন ছিল ১৫টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৬৮ দশমিক ৯৭ শতাংশ।

শফিউল জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মন্ত্রিসভা বৈঠকে পাঁচটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) এবং সাতটি নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছে। আর সংসদে পাস হয়েছে ১৯টি আইন।

আর ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মন্ত্রিসভা বৈঠকে আটটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছিল। ওই সময়ে সংসদে তিনটি আইন পাস হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি