মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে কুমিল্লা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৯

স্টাফ রিপোর্টারঃ সিলেট পর্ব শেষে একদিন বিরতির পর গতকাল থেকে আবারো মাঠে গড়িয়েছে বিপিএলের খেলা। এবারের পর্বের ম্যাচগুলো হচ্ছে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বরাবরের মতো আজও বিপিএলের ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল রাজশাহীর বিপক্ষে হেরে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স আজ ফের মাঠে নামছে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় আগের দিন চিটাগংয়ের বিপক্ষে খেলতে নামা সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে ইমরুল কায়েসের দল।

এর আগে আজ দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। দুটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এবং সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন ও গাজী টিভি।

বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে চলতি বিপিএলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে খুলনা টাইটান্স। দারুণ রোমাঞ্চ ছড়িয়েছিল দুদলের মধ্যকার প্রথম ম্যাচটি। ওই ম্যাচে অবশ্য শেষ পর্যন্ত মাশরাফিদের বিপক্ষে ৮ রানে হেরেছিল মাহমুদউল্লাহর দল। তাই আজকের ম্যাচটি এক হিসাবে খুলনার জন্য প্রতিশোধের মিশন। শুধু প্রতিশোধের জন্যই নয়, শেষ চারে উঠার লড়াইয়ে টিকে থাকতে হলেও রংপুরের বিপক্ষে আজকের ম্যাচটি জেতা প্রয়োজন খুলনা টাইটান্সের।

কেননা বর্তমানে পয়েন্ট টেবিলে একেবারেই সুবিধাজনক অবস্থানে নেই তারা। ৭ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের একেবারে তলানিতে। অন্যদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারের বিপিএলে অংশ নিতে আসা রংপুর রাইডার্সের পথচলাটা শুরু হয় হার দিয়ে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা। নিজেদের তৃতীয় ম্যাচেও জয় পায় তারা। তারপর আবারো ছন্দপতন এবং টানা তিন ম্যাচে হেরে চলে যায় ব্যাকপুটে। তবে রংপুর রাইডার্স সমর্থকদের স্বস্তির কারণ ডি ভিলিয়ার্সের আগমনের পর আবারো জয়ের ধারায় ফিরেছে মাশরাফির দল।

টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারিয়েছে তারা। এখন পর্যন্ত রংপুরের জার্সিতে ঝলক দেখাতে পারেননি ক্রিস গেইল।

আজ ২২ গজে ঝড় তুলবেন তিনি এমনই প্রত্যাশা ভক্তদের। ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে আছে রংপুর।

এদিকে আজ দিনের দ্বিতীয় ম্যাচে সাকিবের দলের মুখোমুখি হবে ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারকাসমৃদ্ধ ঢাকা ডায়নামাইটস চলতি বিপিএলের শুরু থেকেই দারুণ ছন্দে আছে, বর্তমানে রয়েছে টেবিলের শীর্ষে। খুব একটা খারাপ খেলছে না কমিল্লাও। ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে তামিম-আফ্রিদিদের মতো ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি। গতকালের ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে হেরে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকাকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আজ। বিপিএলের ষষ্ঠ আসরে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুদল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি