শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি ৫ বছর ছিল না, সংসদ কি চলেনি: ওবায়দুল কাদের।


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন হলেও বিএনপি নিজেদের সরিয়ে নিচ্ছে। আর তারা সংসদে না এলে আমরা কি জোর করে আনব? বিএনপিতো গেল ৫ বছর ছিল না, সংসদ কি চলেনি? সোমবার দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

ঐক্যফ্রন্টের দুই এমপির শপথ নেয়ার সিদ্ধান্তকে ইতিবাচক আখ্যায়িত করে তাদের স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এটা ভালো সিদ্ধান্ত।

আমরা চাই তারা সংসদে এসে আলোচনা করবেন, বিতর্কে অংশ নেবেন।

তারা যত সমালোচনা করবেন, গণতন্ত্র ততই শক্তিশালী হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি মহাসচিব বলেছেন এবারের নির্বাচন পক্ষপাতমূলক হয়েছে। তাহলে তিনি কিভাবে নির্বাচিত হলেন? আমরা মনে করি, তিনি কারও দয়ায় নির্বাচিত হননি। সংসদে আসা তার অধিকার। তাকে ফোন করে আনতে হবে কেন? সংসদে না গেলে তিনি নিজেকে ও ভোটারদের বঞ্চিত করবেন।

আরেক প্রশ্নের উত্তরে কাদের বলেন, দেখুন, এবারের নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। বিএনপি কেন বিতর্ক তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, অস্ট্রেলিয়া এবং জাপানও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে। ভারতসহ সার্কভুক্ত দেশগুলো অনেক আগেই জানিয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার বিএনপির চেষ্টা ফেল করেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তারা চিঠি লিখেছে, কেউ সাড়া দেয়নি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২ ফেব্রুয়ারি সব দলকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপিও আসতে পারে। এটা একটা গার্ডেন পার্টি। ফাঁকে ফাঁকে কথা বলা যাবে। তবে তারা কেন আসবে না, এটা তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচনের আগে দু’দফা সংলাপ করেছি। এতেই স্পষ্ট, আমরা তাদের আগেও গুরুত্ব দিয়েছি। আসলে আবারও আলাপ-আলোচনা হতে পারত। শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে কথা বলতে পারত। কিন্তু, তারা যেভাবে রিঅ্যাক্ট করেছে, সেটা তাদের স্বভাবসুলভ নেতিবাচক রাজনীতি।

কাদের বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি যাবে না বলে ঘোষণা দিয়েছে। কিন্তু, এটাই তাদের শেষ কথা কিনা তা জানি না। এ অবস্থান থেকে সরে এসে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি তাদের আহ্বান জানাব নির্বাচনে আসতে। গত উপজেলা নির্বাচনে প্রথম ধাপে তাদের বেশিরভাগ প্রার্থী জয়ী হন। এবারের নির্বাচনও সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশেই পারফেক্ট নির্বাচন হয় না। বাঘা বাঘা দেশেও নির্বাচন নিয়ে কথা উঠেছে। ভুল-ত্রুটি থাকতে পারে সেটা সরকারের বৈধতার কোনো সংকট নয়। এবারের নির্বাচনে আ’লীগের পক্ষে যে গণজোয়ার উঠেছে, তাতে কোনো সন্দেহ নেই।

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনার বইয়ে লিখেছেন একসঙ্গে দু’বার এ দেশে কোনো দলই ক্ষমতায় আসতে পারবে না। আপনার বইয়ে কথাটি কয়েকবার এসেছে। কিন্তু আওয়ামী লীগ টানা তৃতীয়বার ক্ষমতায় এলো, আপনার ভবিষ্যদ্বাণী কি ভুল? এমন প্রশ্নে কাদের বলেন, দৃশ্যপট সবসময় এক থাকে না। আমি যখন লিখেছি তখন প্রেক্ষাপট তেমনই ছিল। এটাতো জনমতের ওপর নির্ভর করে। জনমত যখন পাল্টে গেছে তখন পরিস্থিতিতো পাল্টাতে পারে, তাই না?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি