মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোস্তাফিজ পারলে আমি পারব না কেন? প্রশ্ন সাইফের।


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৯


ডেক্স রিপোর্টঃ ডেথ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের অভিজ্ঞতা সুখকর নয়।বিপিএলে তার ১ ওভারে ৩২ রান নেন ড্যারেন স্যামি। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ১ ওভারে ৩১ রান নেন কিলারখ্যাত ডেভিড মিলার। স্লগ ওভারে এরকম আরও বাজে অভিজ্ঞতা আছে এ ডানহাতি পেসারের। সেই সাইফউদ্দিনই শেষ ওভারে দারুণ বোলিং করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ঢাকা ডায়নামাইটসের দরকার ছিল ১৩ রান। ক্রিজে ছিলেন হার্ডহিটার আন্দ্রে রাসেল। প্রথম ৪ বলে সাইফ ১ উইকেটসহ দেন মাত্র ১ রান। পঞ্চম বলে ছক্কা হাঁকান রাসেল। জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ৬ রান। তা থেকে ৪ রান নিতে পারেন ক্যারিবীয় হিটার। অবশ্য ফিল্ডার বল ধরার চেষ্টা করলে ১ রানই হতো।

নিজের আমূল পরিবর্তন নিয়ে ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে সাইফউদ্দিন বলেন, আমি সংবাদ সম্মেলনে এলেই আপনারা সবাই মিলারের কথা বলেন। যা চলে গেছে সেটা অতীত। আমি যে পারি, এ ম্যাচে তা প্রমাণ করেছি। আগামীতে সুযোগ পেলে ফের চেষ্টা করব।

তো রূপান্তরের রহস্য কী? তাও খোলাসা করলেন সাইফ। ক্যারিয়ারে অসংখ্যবার ডেথ ওভারে ম্যাচ জেতাতে দেখেছেন মোস্তাফিজুর রহমানকে। তা দেখেই অনুপ্রাণিত হয়েছেন, সাহস সঞ্চার করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের পারফরম্যান্স দেখেই বুঝেছি গড়পড়তা মানের পেসার হয়ে লাভ নেই। বোধোদয় হয়েছিল, অন্যদের চেয়ে আলাদা কিছু করে দেখাতে হবে। সেই চিন্তা নিয়েই আমি এখন বোলিং করি। চাপের মধ্যে বল করাটা উপভোগ করছি।

আন্দ্রে রাসেল উইকেটে থাকলে ১২ রান কোনো ব্যাপারই নয়। তো শেষ ওভারে কী পরিকল্পনা ছিল। সাইফ বলেন, আমার পরিকল্পনা ছিল ওয়াইড ইয়র্কার দেয়া। তবে রাসেল পাওয়ার হিটার। আগের বলেই ছয় মেরেছিল। যেহেতু ওয়াইড ইয়র্কারে কাজ হয়নি, তাই শেষ বলটা ব্লক হোলে শতভাগ ইয়র্কার করেছি। সবচেয়ে বড় কথা হলো- রংপুরের বিপক্ষে একইরকম ম্যাচ জিতিয়েছিল মোস্তাফিজ। আমার মাথায় সেটা ছিল। সে আমার বয়সী। ও পারলে আমি পারব না কেন? বিষয়টি মাথায় রেখে বল করেছি, সফল হয়েছি।

নিজের এ বদলের জন্য ভিক্টোরিয়ানসদের ধন্যবাদ দেন সাইফউদ্দিন, কুমিল্লা আমার ঘরের মতোই। আমাকে যখন কেউ চিন্ত না, অনূর্ধ্ব-১৯ থেকেই দলে রেখেছে। শুরুতে ভালো করিনি। তবুও ম্যাচের পর ম্যাচ সুযোগ দিয়েছে। এখন আমি বিপিএলে প্রতিষ্ঠিত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি