সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » ছিনতাইকৃত টাকা উদ্ধারে ‘হুন্ডি বাহকের’ চোখ পুড়িয়ে দিয়েছেন ব্যবসায়ী


ছিনতাইকৃত টাকা উদ্ধারে ‘হুন্ডি বাহকের’ চোখ পুড়িয়ে দিয়েছেন ব্যবসায়ী


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ ছিনতাই হওয়া টাকা উদ্ধারের হুন্ডি বাহক জাহেদের চোখে চুন ঢেলে দিয়েছেন ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে। জাহেদ আহমদ বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাছই মিয়ার পুত্র। সে এখন সিলেটের ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতনের পর তার চোখে চুন ঢেলে দেয়া হয়েছে। ডাক্তার জানিয়েছেন, চুনের পানিতে জাহেদের পুড়ে যাওয়া চোখ দুটি চিরতরে অন্ধ হয়ে যেতে পারে।

সূত্রে জানা যায়, একই ইউনিয়নের রস্তমপুর গ্রামের রায়ুব আলী ওরফে ছানু মিয়া ও তার সহযোগীরা মিলে জাহেদকে এমন বর্বর নির্যাতন করে। এ ঘটনায় ছানু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাহেদ জানান, ছানু মিয়া দীর্ঘদিন ধরে হুন্ডির ব্যবসায় জড়িত। তার হয়ে জাহিদ ও একই গ্রামের সহির উদ্দিনের ছেলে জুবায়ের আহমদ হুন্ডি বাহকের কাজ করতেন। ৩মাস আগে টাকা বহনের সময় সিলেটে ছিনতাইকারীরা হুন্ডির টাকা ছিনিয়ে নেয়।

ছানু মিয়া টাকা ছিনতাই হওয়ার ঘটনা বিশ্বাস না করে জাহদেকে সন্দেহ করে বসেন। এ নিয়ে গত রোববার রাতে জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে সহযোগীরা মিলে তার মুখ ও হাত-পা বেঁধে ফেলেন। তাকে মারধর করে সুরমা নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে মারপিটের মাধ্যমে ৩ ঘন্টা ধরে টাকা উদ্ধারের চেষ্টা করা হয়। একপর্যায়ে জাহেদকে গাছের সাথে বেঁধে তার চোখে চুনপানি ঢেলে দেয়া হয়।

এ ঘটনায় জাহেদের পিতা বাছই মিয়া বাদী হয়ে ছানু মিয়াকে প্রধান আসামী করে একটি মামলা (মামলা নং-০৪/তারিখ-১০.০২.১৮ইং) দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন জানান, গ্রেপ্তার হওয়া আসামী ছানু মিয়ার রিমান্ড চাওয়া হবে আদালতে। এ ঘটনার সাথে আর কে কে জড়িত ছানু মিয়াকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসবে।

এদিকে এ নির্মম ঘটনার প্রতিবাদে সোমবার রাতে এলাকাবাসী প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় তারা এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও ছানু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

উল্লেখ, রোববার রাতে গোলাপগঞ্জ উপজেলার বাঘা রস্তমপুরে গ্রামের ইসহাক আলীর পুত্র রায়ুব আলী ওরফে ছানু মিয়া জাহেদ আহমদকে শারীরিক নির্যাতন করেন। পর দিন সকালে এলাকাবাসী জাহেদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ছানু মিয়াকে গ্রেপ্তার করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি