শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নদীতে সেতু থাকলেও ৬ গ্রামবাসীর ভোগান্তি চরমে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ সেতু থাকলেও নেই সড়ক। কিন্তু সড়ক হবে কিনা তাও জানেন না এলাকাবাসী। সেতুর দু’পাশে সংযোগ সড়ক না থাকায় পায়ে হেটে চলাচল করাও কষ্টসাধ্য। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য এলজিইডি কর্তৃক কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু জনগণের কোনো কাজেই লাগছে না।

টাঙ্গাইলের নাগরপুরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও দুই বছরে নির্মাণ হয়নি অ্যাপ্রোচ সড়ক। এতে জনমনে ভোগান্তির পাশাপাশি বেড়েছে ক্ষোভ। ফলে এ সেতুর সড়ক না থাকায় উপজেলা শহরে যেতে শিক্ষার্থী ও ছয় গ্রামের যাতায়াতকারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

তবে কর্তৃপক্ষ বলছেন, মামলা জটিলতার কারণে সেতুর মূল অংশ নির্মাণ কাজ শেষ হলেও দু’পাশের অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হয়নি। আগামীতে বাকি কাজটুকু শেষ করা হবে। সেই সঙ্গে সেতুর দুপাশে সড়ক তৈরির জন্য হেড অফিসে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর ইউনিয়ন পরিষদ হতে আলোকদিয়া সড়কের নোয়াই নদীর উপর নির্মাণ করা হয় সেতুটি। উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৬ সালের ১০ আগস্ট দুই কোটি ৯৭ লাখ ১৬ হাজার ৭৪৩ টাকা ব্যয়ে ৭২.৬ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেই সঙ্গে ২০১৭ সালের ৯ আগস্ট সেতু নির্মাণ কাজ শেষ করার সময় নির্ধারণ করা থাকলেও সেতুর মূল অংশের কাজ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সেতুর দু’পাশের অ্যাপ্রোচ সড়ক করতে পারেনি মেসার্স দাস ট্রেডার্স নামক ঠিকাদার প্রতিষ্ঠানটি।

সরেজমিন ঘুরে দেখা যায়, সেতুর সংযোগ সড়ক থেকে বাইরে গিয়ে সেতু নির্মাণ এবং সরকারিভাবে জমি অধিগ্রহণ ছাড়াই এলাকাবাসীর জমির উপর দিয়ে সড়ক নির্মাণ করতে গিয়ে মামলায় জড়িয়ে পড়ে ওই ঠিকাদার প্রতিষ্ঠানটি। এরপর থেকে সেতুর কাজ বন্ধ হয়ে যায় এবং নির্ধারিত সময় পার হয়ে যায়। এরপর থেকে এভাবেই পড়ে রয়েছে সেতুটি।

অপরদিকে এই সেতুর অভাবে নোয়াই নদীর আশপাশের ছয়টি গ্রামের মানুষ প্রতিনিয়ত ভোগান্তির স্বীকার হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, উপজেলা শহরে যাতায়াতকারী ও বিভিন্ন এলাকার মানুষদের চলাচলে ব্যাপক অসুবিধায় পড়তে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে তো ভোগান্তি আরো বেড়ে যায়। এখন পায়ে হাটার জন্য যে সড়ক আছে তখন তাও থাকে না। নৌকা দিয়ে চলাচল করতে হয়। আর বৃষ্টি থাকলে তো কোনো কথাই নেই। এই সড়কে তো চলাচল করাই যায় না। এলাকাবাসীর দাবি দ্রুত সেতুটির বাকি কাজ শেষ করে চলাচলের উপযোগী করবে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থনীয়রা বলেন, দীর্ঘদিন ধরেই এই অবস্থার মধ্যে আছি। আমাদের চলাচলে অনেক অসুবিধা। এই সেতুর অভাবে উপজেলা শহর থেকে মালামাল আনতে পারি না। কোনো গাড়ি চলাচল করতে পারে না। আমাদের পায়ে হেঁটে চলাচল করতে হয়। আমাদের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না।

এ সড়কে যাতায়াতকারী আলমাস সিকদার বলেন, ভাই আমরা দীর্ঘদিন ধরেই এই সড়ক দিয়ে চলাচল করি। আমাদের এলাকায় কোন সেতু ছিলো না। সরকার আমাদের চলাচলের সুবিধার জন্য নোয়াই নদীর উপর একটি সেতু নির্মাণ করে দেন। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান সেতুর কাজ শুরু করলেও আজ পর্যন্ত শেষ করতে পারেনি।

এ নিয়ে আমরা বার বার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্ঠা করেছি কিন্তু তার আমাদের বিভিন্ন কথা বলে বুঝিয়েছে। আজ পর্যন্ত এই সেতুর কাজ হয়নি। আমাদের চলাচলে অনেক অসুবিধা। বর্তমানে যে সড়ক আছে তা শুধু পায়ে হাটার জন্য। যখন সেতুর কাজ শুরু করলো তার আগে কর্মকর্তারা সড়কের মাপ যোগ করে নিয়ে গেছে। আমাদের আশা দিয়েছে এখানে সেতুর সঙ্গে উচু করে সড়ক নির্মাণ করবে।

বর্ষা মৌসুমে ছয় গ্রাবাসীর চলাচলের অনেক সুবিধা হবে। কিন্তু এখন এই সেতুর অভাবে আরো ভোগান্তি বেড়ে গেছে। উপজেলা শহর কাছে হওয়ায় বাণিজ্যিক কাজসহ বিভিন্ন কাজের জন্য যেতে হয়। শহর থেকে কোনো গাড়ি আমাদের এলাকায় আসতে চায় না। এভাবে আর কতো দিন আমাদের ভোগান্তির মধ্যে থাকতে হবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি সেতুটির কাজ শেষ করে চলাচলের উপযোগী একটি সড়ক নির্মাণ করে দিবেন।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রকৌশলী মো. শাহিনুর আলম বলেন, মামলা জটিলতার কারণে নির্ধারিত সময়ে মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান সেতুর কাজ শেষ করতে পারেনি। তবে সেতুর মূল অংশের কাজ শেষ হয়েছে। সড়কের জন্য আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রস্তাবনা দিয়েছি। আর সেতুর দু’পাশে অ্যাপ্রোচ এর কাজ করার জন্য পুনরায় টেন্ডারের মাধ্যমে অন্য ঠিকাদার দিয়ে কাজ করানো হবে। আশা করছি আগামী অর্থ বছরের মধ্যে কাজ শেষ হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি