শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লক্ষ্মীপুরের রামগঞ্জে পানি সংকটে চাষাবাদ ব্যাহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ সময়মত খালে পানি না আসায় লক্ষ্মীপুরের রামগঞ্জে দেড় হাজার হেক্টর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। সময় পার হয়ে গেলেও ধানের চারা রোপন করতে পারছে না প্রায় পাঁচ হাজার কৃষক। স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত পানি সরবরাহ না করলে লোকসানে পড়বেন তারা।

বোরো চাষের জন্য সাধারণত ডিসেম্বর মাসের শেষ দিকে অথবা জানুয়ারি মাসে খালে পানি আসে। কিন্তু এবার রামগঞ্জের চন্ডিপুর, উত্তর নারায়ণপুর, দক্ষিণ নারায়ণপুর, রাজাপুর, নয়নপুর, ভাটের হাট ও সন্ধানপুর এলাকায় খালে কোন পানি নেই।

কৃষকেরা বলছেন, তাদের হাল দেয়া খেত শুকিয়ে গেছে, বোরো ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের দাবি খালে বাঁধ দেয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অপরদিকে খাল থেকে স্যালো মেশিনের মাধ্যমে যারা পানি সরবরাহ করতো তারাও পানি পাচ্ছে না। ইরি ব্লকের মেশিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কৃষকদের দাবি সংশ্লিষ্ট অফিসারদের কাছে অভিযোগ করলে তারা বলে নদীতে পানি নেই। পানি আসলে তারা সরবরাহ করবে।

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, কিছু কিছু জায়গায় খালে বাঁধ দেয়ার কারণে পানি সরবরাহ করা যাচ্ছে না। তবে আমরা খুব দ্রুত বাঁধ অপসারণ করে পানি সরবরাহের ব্যবস্থা করবো।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কিশোর কুমার মজুমদার বলেন, আমরা ইতিমধ্যে চাঁদপুর সেচপ্রকল্পের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। যাতে খুব দ্রুত সমস্যার সমাধান হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

চলতি মৌসুমে ৮ হাজার হেক্টর জমিতে আগাম বোরো ধান চাষাবাদের লক্ষমাত্রা ঠিক করে রেখেছিলেন কৃষকেরা। যা থেকে চালের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ৩২ হাজার মেট্রিক টন। কিন্তু পানির অভাবে লক্ষমাত্রায় পৌঁছানো সম্ভব নয় বলে বলছেন কৃষকেরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি