বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানের উন্নয়নই টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য’ : আবুল কালাম আজাদ


‘ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানের উন্নয়নই টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য’ : আবুল কালাম আজাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আবুল কালাম আজাদ বলেছেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানের উন্নয়নই হলো টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার চেষ্টায় এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। এই উন্নয়ন করতে হবে সবাইকে নিয়ে। বিশেষ করে পিঁছিয়ে পড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে। তাহলেই এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব।

রবিবার সকালে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন’ বিষয়ক এক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এবং বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত কর্মশালায় বরিশাল বিভাগের ৬ জেলা ও ৪০ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও মৎস্য বিভাগের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের মনোনীত কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি বলেন, এসডিজি অর্জনের জন্য ১৬৯টি লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৩৯টি লক্ষমাত্রাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভাগীয় পর্যায়ের এই কর্মশালায় যারা প্রশিক্ষণ নিয়েছেন, তারা প্রশিক্ষক হিসেবে জেলা এবং উপজেলা পর্যায়ে এই ধরনের কর্মশালার আয়োজন করবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাইকে যার যার অবস্থান থেকে সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করার করার আহ্বান জানান তিনি।

বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সভাপতিত্বে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ এবং কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল হালিম।

বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (এসডিজি) অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন। কর্মশালায় ধারণাপত্র পাঠ করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক (সক্ষমতা বিকাশ) মোহাম্মদ আলী নেওয়াজ রাসেল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি