রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » সরকার চাইলে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত


সরকার চাইলে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ বহুদিন ধরেই পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক কোন সিরিজ খেলে না ভারত। তবে আইসিস‘র কোন ইভেন্টে অংশ নিলে পাকিস্তানের বিপক্ষে না খেলে উপায় থাকে না। সামনে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। আর বিশ্বকাপে স্বাভাবিকভাবেই এশিয়ার এই দুই দেশের দ্বৈরথের অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। তবে পুলওয়াম হামলা পুরনো ঘায়ে নতুন করে এসিড ঢেলে দিয়েছে। এতদিন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না চাওয়া ভারত এখন বিশ্বকাপেও পাকিস্তানের বিপক্ষে খেলবে কিনা তা নিয়েই দেখা দিয়েছে সংশয়।

ক্রিকেট দুনিয়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো?

রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রত্যাশিতভাবেই প্রশ্নটির জবাব দিতে হলো তাকেও। পুরোপুরি এড়িয়ে না গেলেও বিষয়টি পুরোপুরি বোর্ড এবং সরকারের ওপর ছেড়ে দিয়েছেন কোহলি।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পুলওয়ামা জঙ্গি হামলায় যে জওয়ানরা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই। আমরা গোটা দেশের চাওয়ার সঙ্গেই আছি। পাকিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে বিসিসিআই যে সিদ্ধান্ত নেবে তা মেনে চলবো। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটাই মানবো। এই ইস্যুতে এটাই আমাদের অবস্থান।’

লিগ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি না খেললে পয়েন্ট হারাবে ভারত। আর তাতে সেমি ফাইনালে ওঠার ক্ষেত্রেও বাধার সৃষ্টি করতে পারে। আর তাই ম্যাচটি খেলা উচিৎ হবে কিনা সেই প্রশ্নও করা হয় ভারত অধিনায়ককে। যদিও প্রশ্নটি তিনি এড়িয়েই যান।

এদিকে আইসিসিকে পাঠানো চিঠিতে বিসিসিআই সিইও রাহুল জোহরি লিখেছেন, ‘পুলওয়ামার জঙ্গি হামলার মতো ঘৃণ্য আক্রমণের নিন্দা করেছে আইসিসির সব সদস্য দেশ। সন্ত্রাসবাদকে যে দেশ প্রশ্রয় দিচ্ছে, আইসিসির উচিত তাদের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করা।’ তবে কোন দেশের নাম উল্লেখ করা হয়নি চিঠিতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি