ডেস্ক রিপোর্টঃ পুলওয়ামা হামলার পর থেকেই পাকিস্তানকে সবদিক থেকে বয়কট করার কথা ভাবছে ভারত। সেই তালিকায় ক্রীড়াঙ্গন পর্যন্ত বাদ যাচ্ছে না। এমনকি পুলওয়ামা হামলার জেরে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে না খেলার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। সেই দাবিতে ইতোমধ্যেই নিজেদের সমর্থন জানিয়েছেন ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার।
বিপত্তি দেখা দিয়েছে অন্য জায়গায়। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে ভারতীয় ক্রিকেটাররা এখন দুটি ভাগে বিভক্ত। একদল চাইছে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে বয়কট করা হোক।
বাকিরা বলছেন, পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত ভারতের। এ নিয়ে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়েছেন দেশটির দুই সাবেক ক্রিকেটার শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি।
গেল ১৪ ফেব্রুয়ারি ভারতশাসিত জম্মু-কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ জনের বেশি সদস্য। এ ছাড়া মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও কয়েকজন। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় বাহিনীর ওপর এটাই সবচেয়ে বড় হামলা।
কাশ্মীরের পুলওয়ামার আওয়ান্তিপুরা এলাকায় সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মোহাম্মদ। সংগঠনটি পাকিস্তানি হওয়ায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক। দুই দেশের মধ্যকার রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেটেও।
সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার নিন্দা জানালেও পাকিস্তানের বিপক্ষ ম্যাচ খেলার পক্ষে মত দিয়েছেন শচিন। কিংবদন্তি এই ব্যাটসম্যান মনে করছেন, ভারতের খেলা উচিত ম্যাচটি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে না খেলে পাকিস্তানকে দুই পয়েন্ট দেওয়ার পক্ষে নন তিনি।
শচিনের এমন ভাবনা পছন্দ হয়নি সৌরভ গাঙ্গুলির। লিটল মাস্টারের বক্তব্যের জবাবে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, ‘ও পাকিস্তানের বিপক্ষে দুই পয়েন্ট চায়। কিন্তু আমি চাই বিশ্বকাপ।’
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে পাল্টাপাল্টি মত দিলেও দেশ যে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেওয়ার কথা জানিয়েছেন সৌরভ-শচিন।
তারা জানান, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

























































