ডেস্ক রিপোর্টঃ কুড়িগ্রামের রাজীবপুরে দিনমজুর ঘরের সুখি আক্তার নামের এক গৃহবধু একসঙ্গে ৩ সন্তান জন্ম দিলেন। দুই মেয়ে আর এক ছেলে। জন্মের পর সন্তান মা সবাই সুস্থ আছেন। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার দুর্গম মেম্বারপাড়া চরে অটোভ্যানচালক শহীদুল ইসলাম ও তার স্ত্রী সুখি আক্তারের ঘরে জন্ম নেয় ওই তিন সন্তান। আজ রবিবার সকালে তাদের বাড়িতে গিয়ে দেখা গেছে, তানবীর, তামান্না ও তাহহিয়া নামের তিন সন্তান সুস্থ আছে।
শহীদুলের পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন প্রসববেদনা উঠলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় সুখি আক্তারকে। চিকিৎসক তাকে দ্রুত জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই ওই তিন সন্তান জন্ম নেয়। পরে হাসপাতালে না নিয়ে বাড়িতে ফেরত আসেন তারা। জন্মের চার দিন পর মা ও সন্তানদের কোনো সমস্যা দেখা দেয়নি।
রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, এক সঙ্গে তিন সন্তান জন্ম নিলে তাদের আলাদা যত্ন নিতে হয়। কেননা পুষ্টির অভাবসহ অন্যান্য অসুবিধা দেখা দিতে পারে। এজন্য শিশু বিশেষজ্ঞ চিকিসকের পরামর্শ নেয়া উচিত।
শহীদুল ইসলাম বলেন, ‘আমরা গরীব মানুষ। অটোভ্যান চালাইয়্ যা রোজগার হয় তা দিয়েই সব খরচ চালাতে হয়। এ অবস্থায় বাচ্চাদের ও মার জন্য আলাদা খরচ কঠিন হয়ে গেল।’
























































