
ডেস্ক রিপোর্টঃ বলিউড অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে এক সময় প্রেমের সম্পর্ক ছিল।
কিন্তু সে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। অবশেষে বলিউড অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে প্রেমের পর সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী কারিনা কাপুর। তিনি সাইফ আলী খানের দ্বিতীয় পত্নী ও তৈমুর আলী খানের মা।
সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’-শোতে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে হাজির হয়েছিলে কারিনা। সেখানেই নিজের ব্যক্তিগত নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, প্রথম স্ত্রী অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর মেয়ে সারার সঙ্গে সাইফের সম্পর্কে ঠিক কেমন? কারিনার সঙ্গেই বা সারার কেমন সম্পর্ক? এই সবকিছু নিয়েই অনেকেরই অনেক কৌতূহল রয়েছে। সম্প্রতি ‘কফি উইথ করণ’ এর শোতে কারিনা-প্রিয়াঙ্কার কথোপকথনে উঠে এসেছে নানা তথ্য।
এদিন সাইফের সঙ্গে তার সম্পর্কের শুরুর কথা বলতে গিয়ে কারিনা জানান, গ্রীসে সাইফ তাকে প্রথম প্রেম নিবেদন করেন। তিনি আরও জানান, ‘তশন’ ছবির ‘ছলিয়া ছলিয়া’ গানের শুটিংয়ের সময় সাইফ তাকে বিয়ের প্রস্তাব দেন।
কারিনার কথায়, ‘একদিন সকালে উঠে হঠাৎই সাইফ বলল, চলো বিয়ে করে ফেলি।
সাইফ বলে, চলো এখানকার কোনো চার্চে যাই আর বিয়ে করি। ও (সাইফ) বলে আমি কোনো কিছুকে তোয়াক্কা করি না, বাকি জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই।’
সাইফ তাকে সারা ও ইব্রাহিমের কথাও জানিয়ে দেন বলে জানান কারিনা। তিনি জানান, ওরা ওর জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। পরে তিনিও সাইফকে তার প্রতি ভালোবাসার কথা জনিয়েছিলেন এবং তাকে বিয়ে করতে সমস্ত সমস্যা সম্মুখীন হতেও রাজি বলে জানিয়েছিলেন মন্তব্য করেন বেবো।
সাইফের প্রথম স্ত্রীর মেয়ে সারার সঙ্গে প্রথমবার দেখা প্রসঙ্গে কারিনা জানান, সারা সেদিন তার বিখ্যাত ‘পু’ চরিত্রের (কাভি খুশি কাভি গাম ছবিতে কারিনার চরিত্র) ‘ইউ আর মাই সোনিয়া’ গানের পোশাক পরে দেখা করতে পৌঁছেছিলেন। কারণ সারা কারিনার ভীষণ ভক্ত ছিলেন।
পাশাপাশি করিনা আরও জানান, তার সঙ্গে সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতার কোনোদিনই দেখা হয়নি।
সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো- করণের এমন প্রশ্নের জবাবে বেবো বলেন, ‘আমার সঙ্গে অমৃতার কোনোদিনই দেখা হয়নি, কথাও হয়নি। তবে আমি অমৃতাকে শ্রদ্ধা করি।’
কারিনা আরও জানান, ‘সাইফের সঙ্গে আমার আলাপ অমৃতার সঙ্গে তার বিচ্ছেদের বহু বছর পর। সাইফ সেসময় কারোর সঙ্গেই ছিল না, সিঙ্গল ছিল। ’
























































