বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রচার শেষ মধ্যরাতে ভোট আগামীকাল।


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৯


ডেস্ক রিপোর্টঃ রাত পোহালেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন। একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সম্প্রসারিত ওয়ার্ডের কাউন্সিলর পদেও ভোটগ্রহণ। গতকাল মঙ্গলবার রাত ১২টায় শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে মেয়র পদে এবং উত্তর ও দক্ষিণ সিটির নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে এ ভোটগ্রহণ হবে। নির্বাচনী মাঠে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা উত্তর সিটির মেয়র পদে ৫ জন প্রার্থী হলেও আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন অনেকে। ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনী মাঠে নেমেছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭২ ও দক্ষিণ সিটিতে ২৪ জন নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছেন। বিচারকি হাকিম রয়েছেন ২৪ জন। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সাধারণ ভোটকেন্দ্রে ২২ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

দলীয় প্রতীকে নির্বাচনে এবার মেয়রপ্রার্থী ৫ জন, আওয়ামী লীগ থেকে আতিকুল ইসলাম, জাতীয় পার্টির শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০; নারী ভোটার ১৪ লাখ ৭২ হাজার ৯১। ভোটকেন্দ্র ১২৯৫ এবং ভোটকক্ষ ৬৪৮২।

উত্তরের সম্প্রসারিত ১৮ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৬ ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দক্ষিণ সিটির নতুন ১৮ ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৪৯৭ এবং নারী ২ লাখ ৪২ হাজার ২৩৮। ভোটকেন্দ্র ২৩৫ এবং ভোটকক্ষ ১২৫২। দক্ষিণের সম্প্রসারিত ১৮ সাধারণ ওয়ার্ডে ১২৫ ও সংরক্ষিত ওয়ার্ডে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী এলাকায় ২৭ ফেব্রুয়ারির মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা যন্ত্রচালিত যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এ ছাড়া ২৬ ফেব্রুয়ারির মধ্যরাত থেকে ১ মার্চ মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে সিটি করপোরেশনের আওতাধীন মহাসড়ক ছাড়াও আন্তঃজেলা ও মহানগর থেকে বের হওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, প্রধান প্রধান সংযোগ সড়কে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং দক্ষিণের নতুন ১৮ ওয়ার্ডের নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরীক্ষাকেন্দ্রের সংশ্লিষ্টরা সাধারণ ছুটির বাইরে থাকবেন। ২০১৭ সালের ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি