
ডেস্ক রিপোর্টঃ ভুয়া রপ্তানি নথি তৈরি করে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে গত পাঁচ বছরেই ৫ হাজার কোটি টাকার বেশি বের করে নিয়েছে ক্রিসেন্ট গ্রুপ। এ কেলেঙ্কারির বড় অংশই হয়েছে রিমেক্স ফুটওয়্যার লিমিটেডের মাধ্যমে। প্রতিষ্ঠানটির কাছে জনতা ব্যাংকের খেলাপি হয়ে পড়েছে ১ হাজার কোটি টাকার বেশি ঋণ। আর রিমেক্সের চেয়ারম্যান হিসেবে রয়েছেন আবদুল আজিজ, যিনি জাজ মাল্টিমিডিয়ারও কর্ণধার।
জনতা ব্যাংক কেলেঙ্কারির পর্দার আড়ালের প্রতিষ্ঠান হিসেবে তাই জাজ মাল্টিমিডিয়াকে দেখছেন ব্যাংকাররা।
এমন কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরও মার্চের প্রথম দিনে দেশের অর্ধশতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই প্রযোজনা প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম আমার ২’।
খবরটি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজের সিইও আলিমুল্লাহ খোকন। কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনের সঙ্গে ঢাকার জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করেছে ‘প্রেম আমার ২’।
এ বিষয়ে জাজের সিইও বলেন, “মার্চের ১ তারিখে ‘প্রেম আমার ২’ ছবিটি মুক্তি দিতে যাচ্ছি। আমাদের টার্গেট ৬০ হল। তবে অর্ধশতাধিকের কমে আসবে না।” ২০১৮ সালের মার্চে শুরু হয় ছবির শুটিং। বাংলাদেশের পূজা চেরির সঙ্গে এ ছবিতে নায়ক কলকাতার অদ্রিত। এ জুটি এর আগে ‘নূর জাহান’ ছবিতে কাজ করেছিলেন। ‘প্রেম আমার ২’ ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় আসছেন এ জুটি। এটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য্য। গত ৮ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে ‘প্রেম আমার ২’। আর ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের মাত্র একটি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছিল এ ছবি।
এ প্রসঙ্গে আলিমুল্লাহ খোকন বলেন, ‘দেশের অন্য ছবি যাতে বেশি হল পায় সেজন্য আমাদের ছবিটি একটি হলে মুক্তি দিয়েছিলাম। আমরা চাই সব ছবি ব্যবসা করুক। সেজন্য পহেলা মার্চে বড় পরিসরে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।’
২০০৯ সালে কলকাতায় মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর আলোচিত ছবি ‘প্রেম আমার’।
নতুন ছবির নাম ‘প্রেম আমার ২’ হলেও এটি প্রথম ছবিটির সিক্যুয়াল নয়।
নায়িকা পূজা চেরি বলেন, ‘ছবির নামে দ্বিতীয় কিস্তি থাকলেও গল্প পুরোই আলাদা।’
বিভিন্ন সূত্র বলছে, জনতা ব্যাংক থেকে অবাধে ঋণপ্রাপ্তির সময় থেকেই জাজ মাল্টিমিডিয়ার উত্থান। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ নিজেও বিভিন্ন সময় গণমাধ্যমকে বলেছেন, দেশের চলচ্চিত্র শিল্প জাজ মাল্টিমিডিয়াই বাঁচিয়ে রেখেছে। জাজ না থাকলে বাংলা চলচ্চিত্র থাকবে না। তবে তার এ বক্তব্যের সঙ্গে একমত নন বাংলা চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
তারা বলেন, ‘এ শিল্পের সঙ্গে বহু মানুষ জড়িত। তারাই এ শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। জাজ না থাকলে চলচ্চিত্র থাকবে না, এটা অবান্তর।’

























































