মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হ্যাটট্রিকের পর ব্যাটিংয়ে ঝড় তুললেন ফরহাদ রেজা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : গত মাসেই শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে ক্যামিও ইনিংস খেলে শিরোনাম হয়েছিলেন ফরহাদ রেজা। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ফরহাদ রেজার দেখা মিলল সেই অবতারে। বোলিং হ্যাটট্রিক করার পর ব্যাটিংয়ে ঝড় তুলে প্রাইম দোলেশ্বরকে নিয়ে গেলেন প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ফাইনালে।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৯তম ওভারের শেষ তিন বলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই অলরাউন্ডার।

আগে ব্যাট করে প্রাইম ব্যাংক ১৭১ রান তুলেছিল। সর্বোচ্চ ৫৫ রান আসে অলক কাপালীর ব্যাট থেকে। জাকির হোসেন করেন ৫২ রান।

ফরহাদ রেজা পরপর তিন বলে অলক কাপালী, মনির ও মনোহরকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন। চার ওভারে ৩২ রান দিয়ে একাই নেন পাঁচ উইকেট। শুক্রবার মিরপুরের সব আলো কেড়ে নেন এই অলরাউন্ডার।

১৭২ রানের টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত শুরু করে প্রাইম দোলেশ্বর। সাইফ-আরাফাতের ওপেনিং জুটি ভাঙে ৫১ রানে। সর্বোচ্চ ৬১ রান আসে সাইফের ব্যাট থেকে। মার্শাল আইয়ুব করেন ৪৬ রান। পাঁচে ব্যাটিং করতে নেমে আট বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফরহাদ রেজা।

শেখ জামাল ধানমণ্ডির বিপক্ষে ফাইনালে লড়বে প্রাইম দোলেশ্বর। তিন মার্চ সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি