ডেস্ক রিপোর্ট : পুরান ঢাকায় রাসায়নিকের কারখানা সরাতে অভিযান শুরু করে দক্ষিণ ঢাকা সিটি করপোরেশন। চকবাজার ট্রাজেডির পর গঠিত টাস্কফোর্সের ৫টি দল বিভক্ত হয়ে পুরান ঢাকার কারখানা গুলোতে অভিযান চালায়। এসময় ঢাকার বকশিবাজারে টাস্কফোর্স সদস্য ও গণমাধ্যমে কর্মীদেরকে ধাওয়া করে কারখানার মালিকরা।
পুরান ঢাকায় বকশিবাজার এলাকায় টাস্কফোর্সের একটি দল অভিযানে গেলে কারখানার মালিক এলাকাবাসীরা বাধার সম্মুখিন হচ্ছেন। পরে দুপুরের দিকে দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকন এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় তিনি জানান, আবাসিকে কেমিক্যাল গুদাম ও কারখানা সরানোর এই অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, এলাকার লোকজনের সাথে কথা বলেছি, তাদের বুঝিয়েছি। আর তারা বিষয়টাকে অনুধাবন করেছে। তাই এখন তারা আমাদের সাহায্য করবে। যে ভুল বুঝাবুঝি হয়েছে সেটি আর নেই।
পুরান ঢাকা থেকে কারখানা ও কেমিক্যাল গুদাম অপসারণে সিটি করপোরেশন টাস্কফোর্স ৫ দলে ভাগ হয়ে চকবাজার শহীদ নগরসহ বেশ কিছু এলাকায় অভিযান চালায়। এসময় ১০ টি কারখানায় বিদ্যুৎ পানি গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
ব্যবসায়ীরা বলেন, যদি এমন হয় যে এখানে কারখানা রাখা যাবে না তাহলে সরকার আমাদের অন্য কোথাও জায়গা করে দিবে আমরা চলে যাবো।
টাস্কফোর্স জানায়, আবাসিক এলাকা থেকে কারখানা ও গুদাম সরানোর নির্দেশনার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা শিরীন বলেন, ৮টি কারখানায় এরকম অভিযান পরিচালনা করেছি এবং ব্যবস্থা হিসেবে আমরা তাদের পানি বিদ্যুৎ গ্যাস সংযোগ বিছিন্ন করেছি। আবাসিক এলাকায় থাকার মতো নয় শুধু সেগুলোই সরানোর ব্যবস্থা নিয়েছি।
পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম অপসারণের এই অভিযান চলবে ১ এপ্রিল পর্যন্ত।
























































