ডেস্ক রিপোর্ট : দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে লড়াই শুরু করতে যাচ্ছে সফরকারী শ্রীলঙ্কা। এর আগে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল এশিয়ার দলটি। এবার তাদের প্রতিশোধ মিশন। জোহানেসবার্গে আ বাংলাদেশ সময় দুপুর ২টায় সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে।
দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে টেস্ট সিরিজে জয়ের ধারা ওয়ানডেতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ‘টেস্ট সিরিজ জয় আমাদের অনেক বেশি চাঙ্গা করেছে। ওয়ানডেতে ভালো করতে আমরা মুখিয়ে আছি। সীমিত ওভারের সিরিজে ভালো করার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’
সর্বশেষ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় লঙ্কানরা। ও সিরিজে হারের প্রতিশোধ এবার নিতে মরিয়া চন্দিকা হাথুরুসিংহের দল। এমনও ইঙ্গিত দিয়ে শ্রীলঙ্কার দলপতি বলেন, ‘সর্বশেষ সিরিজে আমরা ভালো করতে পারিনি। তবে এবার আমরা ভিন্ন দল। এবার ওয়ানডে সিরিজ থেকে ভালো ফল নিয়ে দেশে ফিরতে চাই। জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না আমরা।’
অন্যদিকে ওয়ানডে সিরিজ জিতে টেস্ট সিরিজ হারের প্রতিশোধ নিতে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। তিনি বলেন, ‘টেস্ট সিরিজে দল ভালো করেনি। তবে এবার ফরম্যাট ভিন্ন। দল ওয়ানডেতে ভালো করতে পারবে বলে আমি বিশ্বাসী। টেস্ট সিরিজ হারের দুঃখ ওয়ানডে জিতে ভুলতে চাই আমরা।’

























































