বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যে কারণে এসব তারকার সঙ্গে কখনই কাজ করবেন না সালমান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৯


ডেস্ক রিপোর্টঃ বলিউড ভাইজান সালমান খান বেশি রকম একরোখা, তা ভক্তদের বেশ ভালো করেই জানা।

চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে এমন বৈশিষ্ট্যের জন্য তিনি হয়েছেন যেমন সমালোচিত, তেমন প্রশংসিত।

ঘোষণা দিয়েই তিনি জানিয়েছিলেন কোন বলি অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে তিনি কাজ করবেন না এবং কোন শিল্পীর গানে ঠোঁট মেলাবেন না।

বিগত কয়েক বছর ধরে বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সংগীতশিল্পী অরজিত সিংয়ের সঙ্গে এক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সালমান।

আর সেই থেকে সালমান অভিনীত কোনো ছবিতে গান গাইতে দেখা যায়নি অরজিত সিংকে। সিনেপ্রেমীদের অনেকের প্রশ্ন- ঠিক কী হয়েছিল অরজিৎ সিং, অর্জুন কাপুরদের সঙ্গে বলি সুলতানের, যে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সে বিষয়ে জেনে নেয়া যাক কিছু-

অর্জুন কাপুর

বোন অর্পিতা খানকে বেশ ভালোবাসেন সালমান খান। বনি কাপুরের ছেলে অভিনেতা অর্জুন কাপুর তার সেই প্রাণের চেয়ে প্রিয় বোনের সঙ্গে মিথ্যে অভিনয় করেছেন।

শুধু তাই নয়, এর পর অর্জুন সালমানের বড় ভাই আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। বিটাউনের গুঞ্জন, মালাইকার সঙ্গে প্রেমের কারণেই অর্পিতার সঙ্গে বিচ্ছেদ হয় অর্জুনের।

এ বিষয়ে সালমান খান অর্জুনের চাচা অনিল কাপুরের কাছেও বিচার দিয়েছিলেন। তবু নিজেকে শোধরাননি অর্জুন। বলিমহলের খবর, এ বছরেই মালাইকাকে বিয়ে করবেন অর্জুন। আর এসব কারণে অর্জুনের সঙ্গে কখনই কাজ করবেন না সালমান।

ঐশ্বরিয়া রাই বচ্চন

সালমান খান ও ঐশ্বরিয়া রাই জুটিকে রুপালি পর্দার সেরা জুটিতে পরিণত হচ্ছে বলে ধরে নেয়া হয়েছিল। তবে হঠাৎই সিনেপ্রেমীদের এমন প্রেম রসায়ন থেকে বঞ্চিত হতে হয়। এর আসল কারণ দুজনের পর্দার বাইরে বাস্তবের প্রেমবিচ্ছেদ।

সেই সময় সবাই প্রায় জেনে গেছে আর কখনও একসঙ্গে দেখা যাবে না এ জুটিকে।

প্রেমবিচ্ছেদে ঐশ্বরিয়া অভিযোগ করেছিলেন, সালমান দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। এর পর অভিষেক বচ্চনকে বিয়ে করে ঐশ্বরিয়া সংসারী হয়ে গেলেও সালমান এখনও ব্যাচেলর হয়েই আছেন।

তবে যেখানে ঐশ্বরিয়া, সেখানে যে সালমান অনুপস্থিত থাকবেন তা ভালো করেই জানেন সিনেপ্রেমীরা।

অরজিত সিং

এক রাতে গত কয়েক বছরের বলিউডের সেরা সংগীতশিল্পী অরজিত সিং হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন- সালমান খান তাকে অপমান করেছেন এবং তার ক্যারিয়ার ধ্বংস করে দেবেন বলেছেন।

রাতারাতি গুঞ্জন শুরু হয়। এ নিয়ে হইচই পড়ে যায়। বিষয়টি ব্যাখ্যা ও প্রমাণ চান নেটিজেনরা। কিন্তু এর কোনো উত্তর না দিয়েই পরের দিন পোস্টটি ডিলিট করে দেন অরজিত।

পরে এ বিষয়ে সালমানের কাছে কোনোরকম ক্ষমা চাননি অরজিত। এ ঘটনায় ক্ষেপে ওঠেন সালমান। ঘোষণা দিয়েই তিনি অরজিতকে প্রত্যাখ্যান করেছেন।

মালাইকা অরোরা

যে কারণে বনি কাপুরপুত্র অর্জুন কাপুরের সঙ্গে ছবি করতে আগ্রহী নন, ঠিক একই কারণে বলি আইটেম কুইন মালাইকা অরোরাকে প্রত্যাখ্যান করেছেন সালমান।

অর্জুনের সঙ্গে এই সাবেক ভ্রাতৃবধূর প্রেম মেনে নিতে পারেননি সালমান। সালমানের সুপার হিট ছবি ‘দাবাং’-এ মুন্নি বদনাম হুয়ি গানে মালাইকার পারফম্যান্স ছিল আকাশচুম্বী।

দর্শক দাবাংয়ের সিকুয়েলে আবার এমন একটি গান দেখতে চেয়েছিল। কিন্তু বিটাউনের খবর, সালমান ও আরবাজ খান ভবিষ্যতে আর কখনই মালাইকার সঙ্গে কাজ না করবেন না।

‘দাবাং থ্রি’ ছবিতে এমনই একটি আইটেম সং রয়েছে। তবে তাতে মালাইকা নয়, কারিনা কাপুরকে দেখা যেতে পারে বলে বলিমহলের গুঞ্জন চলছে।

বিবেক ও’বেরয়

ঐশ্বরিয়া বিষয়েই বিবেক ও’বেরয় ও সালমান খান বিতর্ক চরমে উঠেছিল। সালমানের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিবেকে মজেছিলেন ঐশ্বরিয়া। আর বিবেকের সঙ্গে সাবেক প্রেমিকার এমন ঘনিষ্ঠতার খবর প্রকাশের পরই মূলত এ তর্ক শুরু।

সেই সময় সংবাদ সম্মেলন করে সালমান সম্পর্কে নানা মন্তব্য করেছিলেন বিবেক। বিবেকের অভিযোগ, সালমান তাকে বলেছেন- ক্যারিয়ার ধ্বংস করে দেবেন। এর পরই বিবেকের ক্যারিয়ারে সত্যি সত্যি ভাটা পড়তে থাকে।

এ ঘটনার পর সালমান আর কখনও বিবেকের সঙ্গে কাজ করেননি। ভবিষ্যতেও করবেন না বলে শোনা যাচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি