ডেস্ক রিপোর্ট:
পপ কিং মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শিশু কিশোর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিলো অনেক আগেই। এবার সেই নির্যাতিতদের একজন নিজেই স্বীকার করলেন নৃশংস অভিজ্ঞতার কথা। এইচবিও চ্যানেলের ‘লিভিং নেভারল্যান্ড’ তথ্যচিত্রে পপ সম্রাটের উদ্ভট যৌন খেয়ালের কথা শুনিয়েছেন জেমস সেফচাক নামে এক যুবক।
সেফচাকের দাবি, ধর্ষণ করার আগে কিশোর সেফচাককে বিয়ে করার নাটক করেন জ্যাকসন। নির্যাতিত সেফচাক ‘লিভিং নেভারল্যান্ড’ ডকুমেন্টারিতে জানান, ১৯৮৭ সালে মাত্র ১০ বছর বয়সে কোমল পানীয় পেপসির এক বিজ্ঞাপন চিত্রে কাজের সূত্রে মাইকেল জ্যাকসনের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তার কয়েক মাস পরে পরিচয় গাঢ় হওয়ার পরে নিয়মিত সেফচাকের উপর যৌন নির্যাতন চালাতেন মাইকেল। তখন মাইকেলের বয়স বছর ত্রিশের মতো।
সেই সময় নিজের নেভারল্যান্ড প্রাসাদে ওই কিশোরকে বন্দি রেখে অবাধে যৌন নিপীড়ন চালাতেন পপ কিং। তবে তার কয়েক দিন আগে নিজের শোওয়ার ঘরে সেফচাককে বিয়ে করার নাটকও করেছিলেন জ্যাকসন। বিয়ের উপহার হিসেবে দামি হিরের আংটি-সহ কিছু গয়নাও তিনি উপহার দিয়েছিলেন।
সেই সব উপহার এখনও সযত্নে রেখে দিয়েছেন সেফচাক, তবে সেগুলি ছুঁয়ে দেখার চেষ্টাও তিনি করেন না। ‘মাইকেলের দেওয়া উপহার দেখলে এখনও কৈশোরের সেই অন্ধকার দিনগুলি তাঁকে কষ্ট দেয়।’ বলেন সেফচাক।
এদিকে মাইকেল জ্যাকসনের নামে আরও কিছু যৌন নিপীড়নের নতুন অভিযোগ উঠতে শুরু করেছে। নাবালক ছেলেদের উপর জ্যাকসনের ভয়ানক অত্যাচারের কথা ফের চাউর হওয়ায় তাঁর গান বাজানো বন্ধ করে দিয়েছে বিবিসি রেডিও টু।


























































