বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আমার জায়গায় ওরা কোনোদিন পৌঁছতেই পারবে না’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৯


ডেস্ক রিপোর্টঃ বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ে না। কখনো প্রেম আবার কখনো বিতর্কিত মন্তব্যের জেরে সবসময় খবরের শিরোনামে তিনি। এবারও বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনায় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি এক অনুষ্ঠানে করণ জোহর ও হৃত্বিক রোশনের উদ্দেশে এ অভিনেত্রী বলেন, ‘আমি যেখানে আছি ওরা কোনোদিন সেখানে পৌঁছাবে না!’

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে’র কনক্লেভ অনুষ্ঠানে হাজির ছিলেন কঙ্গনা। সেই অনুষ্ঠানেই চলচ্চিত্র নির্মাতা করণ জোহর এবং অভিনেতা হৃত্বিক রোশনকে আক্রমণ করেন এ অভিনেত্রী।

‘মণিকর্ণিকা’ সিনেমায় ঝাঁসির রানীর চরিত্রে অভিনয়কারী কঙ্গনাকে জিজ্ঞাসা করা হয়, কেন করণ জোহরের টকশো ‘কফি উইথ করণে’ সেরা অভিনেতাদের তালিকায় তার নাম বাদ দেওয়া হয়? উত্তরে কঙ্গনা বলেন, ‘অভিনেত্রীদের কথা উঠলে এটুকু বলতে পারি এখানে তিনবারের জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী বসে রয়েছেন। ’

করণ জোহররা যাদের অভিনেতা হিসেবে মনে করে তাদের অভিনয় ক্ষমতা নিয়েই প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন কঙ্গনা।

এর আগে ২০১৭ সালে করণ জোহরকে তার নিজের শোতেই ‘নেপোলিজমের পতাকা বহনকারী’ বলে অভিহিত করেন কঙ্গনা। তিনি বলেন, ‘করণ আমাকে আইএফএ’র মঞ্চে ঠাট্টা করে বলেছিলেন যে আমি বেকার এবং আমি ওর কাছ থেকে চাকরি খুঁজছি নাকি! আরে, আমার প্রতিভা দেখুন এবং নিজের সিনেমা দেখুন। সত্যিই? সত্যিই কি আমি বেকার? আমি মনে করি কিছু মানুষের রোজ চবনপ্রাশ খাওয়া দরকার।’

অনুষ্ঠানে করণ জোহর ছাড়াও হৃত্বিক রোশনের সঙ্গে সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হয় কঙ্গনাকে। সিনেমায় হৃত্বিকের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

হৃত্বিক বলেছিলেন, ‘আমি ব্যক্তিগত পর্যায়ে কঙ্গনাকে চিনি না!’ এর উত্তরে কঙ্গনা বলেন, ‘উনি এমন একজন ব্যক্তি যার সঙ্গে আমি দুটি চলচ্চিত্রে কাজ করেছি। তিনি আমাকে চিনতেও অস্বীকার করছেন এমনকি দূরে সরে যাচ্ছেন। এটা কীভাবে ঘটল?’

তিনি আরও বলেন, ‘আপনি বলছেন যে আপনি এই ব্যক্তিকে চেনেন না। তবে আপনি কীভাবে একই ব্যক্তির সঙ্গে পাঁচ বছর ধরে কাজ করেছেন। একটি চলচ্চিত্র তৈরির জন্য দুই বছর সময় লেগেছে এবং অন্যটির জন্য তিন বছর। আপনি কিভাবে এই ব্যক্তিকে চেনেন না! এ তো ভারি অদ্ভুত!’

বর্তমানে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘মেন্টা হ্যায় ক্যায়া’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন কঙ্গনা। এ ছাড়া অশ্বিনী আইয়ার তিওয়ারির ‘পঙ্গা’ সিনেমাতেও দেখা যাবে এ অভিনেত্রীকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি