
ডেস্ক রিপোর্টঃ একদিনের (ওয়ানডে) আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ইমরান তাহির। সম্প্রতি দেশটির ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর গতকাল সোমবার এমন সিদ্ধান্তের কথা জানান পাকিস্তানি বংশোদ্ভুত এই লেগ স্পিনার।
ইয়াহু স্পোটর্স এর প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডে অনুষ্ঠিত আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শেষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থেকে অবসর নিবেন ইমরান তাহির।
তবে ওয়ানডে থেকে অবসর নিলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। অন্তত ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটি খেলতে চান তিনি। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোও খেলবেন বলে জানিয়েছেন তাহির।
তাহির বলেন, ‘আমি সবসময় বিশ্বকাপে খেলতে চেয়েছি। বিশ্বমঞ্চে পারফর্ম করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। দক্ষিণ আফ্রিকার মতো গ্রেট দলের হয়ে খেলতে পারাটা সৌভাগ্যের বিষয়। বোর্ডের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। ইংল্যান্ড বিশ্বকাপই আমার শেষ।’
২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাহিরের অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত ৯৫ ওয়ানডে খেলে ২৪.৫৬ গড়ে নিয়েছেন ১৫৬টি উইকেট।
























































