ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় হল সংখ্যা কম হওয়ায় আবাসন সংকট তীব্র হয়ে উঠেছে। অস্বস্তিকর পরিবেশে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন শিক্ষার উপযুক্ত পরিবেশ থেকে। বিশ্ববিদ্যালয়টির ৪৩ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১৮ টি হলে সিট সংখ্যা মাত্র ১৫ হাজার। আর আবাসন সংকটের কারণে হলগুলো হয়ে উঠেছে জনবহুল। সৃষ্টি হয়েছে গণরুমের।
প্রশাসনের তদারকির অভাবে সিট বন্টন করে সরকারি দলের ছাত্র সংগঠনের নেতারা। প্রতিষ্ঠালগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো ৮শ’ ৭৭ জন। বর্তমানে শিক্ষার্থী ৪৩ হাজার। শিক্ষার্থীসংখ্যা বাড়লেও, বাড়েনি আবাসন সুবিধা। ফলে, নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে সামগ্রিক জীবনযাত্রায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে চার জন থাকার উপযোগী কক্ষটি নির্মাণ করা হলেও আবাসন সমস্যার কারণে থাকতে হয় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীকে। যা পরিচিত গণরুম নামে। আর এই গণরুমগুলোর অবস্থা খুবই নাজুক, যদিও চাকচিক্য মূল ভবনে। এই হলেরই তৃতীয় তলায় রয়েছে একটি সংগঠনের হলের শীর্ষ নেতার কক্ষ। যার আশপাশে রয়েছে অসংখ্য বহিরাগতদের বাস। অভিযোগ রয়েছে সরকারি ও বেসরকারি চাকরিজীবী ছাড়াও হলে থাকেন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, রাতারাতি আবাসন সমস্যার সমাধান করা না গেলেও ধারাবাহিকভাবে এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়। বিভিন্ন সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১২৮টি গণরুম, ছাদ, বারান্দা মিলে এখন প্রায় সোয়া তিন হাজার শিক্ষার্থী দুর্বিষহ জীবনযাপন করছেন।























































