বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঢাকার জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালের কর্মীকে পুড়িয়ে হত্যার অভিযোগ


ঢাকার জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালের কর্মীকে পুড়িয়ে হত্যার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালের কর্মী রিনা বেগমকে (৪৫) কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার ভোর রাতে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত রিনা বেগম ঢাকার পঙ্গু হাসপাতালে আয়ার কাজ করতেন। তিনি হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার শামসুল হকের মেয়ে।

এ বিষয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম নবী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিহতের বোন রিপা বেগমের অভিযোগ, বিয়ের পর বিভিন্ন সময় ব্যবসার কথা বলে রিনার কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা নেন শহিদুল। এ নিয়ে তাদের মধ্যে কয়েকবার কলহও হয়েছে। এর জেরে বৃহস্পতিবার ভোরে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শহিদুল রিনাকে পিটিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনার পর থেকে স্বামী শহিদুল ইসলাম পলাতক রয়েছেন।

রিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি