সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন জিরোনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : ক্রিস্টিয়ান স্তুয়ানির একমাত্র গোলে বার্সেলোনার বিপক্ষে অঘটন ঘটিয়ে বুধবার কাতালান সুপার কাপ জিতেছে জিরোনা।

আগের লা লিগা মৌসুমের শীর্ষ দুই কাতালান ক্লাবকে নিয়ে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। ম্যাচে লিওনেল মেসি ও লুই সুয়ারেসের মতো তারকাদের বিশ্রামে রেখে বার্সা দল সাজালেও শক্তিশালী দল গড়ে জিরোনা। তাতে নিজেদের প্রথম শিরোপা তারা জেতে ১-০ গোলে।

বদলি নামা উরুগুয়ের স্ট্রাইকার ৬৯ মিনিটে পেনাল্টি থেকে পরাস্ত করেন বার্সা গোলরক্ষক জ্যাসপার সিলেসেনকে। স্প্যানিশ মিডফিল্ডার ফের্নান্দেস বার্সার ডিবক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি দেন রেফারি।

পরে কার্লেস অ্যালেনার শট গোলপোস্টে আঘাত করলে সমতা ফেরাতে পারেনি এর্নেস্তো ভালভারদের দল। সাবাদেলের নোভা ক্রেউ আলতা স্টেডিয়ামে শিরোপা উদযাপন করে গত লিগ মৌসুমে ১০ নম্বরে থাকা জিরোনা।

২০১৪ সাল থেকে শুরু হওয়া কাতালান সুপার কাপে আগে কখনও খেলেনি জিরোনা। আগের তিনবারে দুইবার চ্যাম্পিয়ন হয় বার্সা, অন্যবার এস্পানিওল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি