শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দলীয় নেতৃত্বে নারী কোটা পূরণের টার্গেটে আ’লীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ২০২০ সালের মধ্যে দেশের রাজনৈতিক দলগুলোর সবপর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করতে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আগামী বছর এই সময় শেষ হবে। তবে কোনো রাজনৈতিক দল এখনো এই কোটা পূরণ করতে পারেনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে এখন পর্যন্ত ১৮ দশমিক ৫১ শতাংশ নারী রয়েছে। তৃণমূলে আরও অনেক কম। তাই নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময়ের আগেই দলের সব পর্যায়ে ৩৩ শতাশং নারী নেতৃত্ব নিশ্চিত করতে চায় ক্ষমতাসীন দলটি। আগামী কাউন্সিলেই এর প্রতিফলন ঘটতে পারে বলে দলের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে।

সূত্রমতে, দলের কেন্দ্র থেকে শুরু করে জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের কমিটিতে নারীর অংশগ্রহণ আরও বাড়াতে চায় আওয়ামী লীগ। কমিটিগুলোতে নারী নেতৃত্ব প্রায় ৩৩ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করে দীর্ঘদিন ধরে নানা পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে ক্ষমতাসীন দলটি। এ লক্ষ্যে তৃণমূল থেকে নতুন নারী নেত্রীদের সংসদে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়া হয়েছে। দলের নেতৃত্বের ৩৩ শতাংশ নারী কোটা পূরণের লক্ষ্যে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৪৩ জনের মধ্যে ৪১ জন নতুন নেত্রীকে মনোনয়ন দেয়া হয়েছে। এরমধ্যে তৃণমূলের সক্রিয় নেত্রী ছাড়াও যারা নারী, শিশু, অটিজম ও সামাজিক উন্নয়নে কাজ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হয়েছে। রয়েছেন একুশে পদক পাওয়া গুণি অভিনেত্রীও। সংরক্ষিত আসনের নতুন সদস্যদের মধ্য থেকে অনেক নেত্রীকেই যোগ্যতা অনুযায়ী কেন্দ্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হতে পারে। আবার সংরক্ষিত আসনে মনোনয়ন থেকে বাদ পড়া বেশকিছু নেত্রীকে কেন্দ্রীয় কমিটিসহ দলের গুরুত্বপূর্ণ পদ দেয়া হতে পারে। দলটির শীর্ষ একজন নেতার ভাষ্য, সংরক্ষিত নারী আসনে ব্যর্থ হওয়ার সুযোগ কম। তবে যোগ্যতা অনুযায়ী ভালো করার সুযোগ আছে। সে ক্ষেত্রে যারা বাদ পড়েছেন তাদেরকে ব্যর্থ বলা যাবে না। প্রধানমন্ত্রী বৃহৎ পরিকল্পনা নিয়েই সব করছেন।

এবারের সংরক্ষিত আসনে মনোনয়নও এরই অংশ। যেহেতু দলের সব পর্যায়ের নেতৃত্বে ৩৩ শতাংশ নারী রাখার বাধ্যবাধকতা রয়েছে, সেহেতু নতুনদের নিয়েই বেশি ভাবছে আওয়ামী লীগ। যাদেরকে সামনে আনা হয়েছে হয়তো এবারই তাদের সবাইকে বড় পদে আনা হবে না। তবে যোগ্যদের দিয়ে দল ও সরকার পরিচালনার স্বার্থে তৃণমূল থেকে উঠে আসা কোনো কোনো নেত্রীকে দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে। সূত্র জানায়, দল ও সরকারের মধ্যে ভারসাম্য আনতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। পরপর ক্ষমতায় আসায় যাতে সরকারের মধ্যে দল হারিয়ে না যায় সে লক্ষ্যে এবারের মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। দলের হেভিওয়েট নেতাদের দিয়ে দল পরিচালনার টার্গেটে মন্ত্রিসভায় নতুনদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে সরকার পরিচালনার পাশাপাশি দলের জন্য দক্ষ নেতৃত্ব তৈরি হবে। একই লক্ষ্যে দলের গুরুত্বপূর্ণ নেত্রীদেরও সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়া হয়নি। নতুন ও পুরাতন নেত্রীদের সমন্বয়ে নারী কোটা পূরণ করার টার্গেট নেয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, দশম সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত এমপি ছিলেন ৩৯ জন। এরমধ্যে মাত্র দু’জনকে একাদশ সংসদে মনোনয়ন দেয়া হয়েছে। বাকি সবাই বাদ পড়েছেন। এবার নতুন মুখ এসেছেন ৪১ জন। তাদের মধ্যে কেউ কেউ কেন্দ্রীয় কমিটি আর বাকিরা নিজ জেলা ও থানা কমিটিতে পদ পেতে পারেন। নবম, দশম বা অন্য সংসদে যারা ছিলেন, তাদের মধ্যেও অনেকে দলের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় কমিটিতে যারা ঠাঁই পাবেন না, তাদেরকে নিজ জেলা ও উপজেলার কমিটির গুরুত্বপূর্ণ পদে দেয়া হতে পারে। সূত্রমতে, চলতি বছরই শেষ হচ্ছে আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ। আগামী ২৩ অক্টোবর দলটির তিন বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হবে। তখনই জাতীয় সম্মেলনের আয়োজন করার কথা এখনই ভাবছে দলের শীর্ষ নেতৃত্ব। সরকারের পাশাপাশি দলীয় কার্যক্রম আরো গতিশীল করা ও দলে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে এ পরিকল্পনা আগেভাগেই শুরু হয়েছে। জাতীয় সম্মেলনের সময় দলীয় প্রধান শেখ হাসিনা দলের শীর্ষ পদে ব্যাপক পরিবর্তন আনতে পারেন বলে ধারণা করছেন কেন্দ্রীয় নেতারা।

তাছাড়া দলের জন্য অসামান্য অবদান রাখা নেতাদের পরিবারের যোগ্য নারী সদস্যদেরও নেতৃত্বে আনা হতে পারে। এ ক্ষেত্রে জাতীয় চার নেতার পরিবারের সদস্যদেরও দেখা যেতে পারে। এরমধ্যে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের মেয়ে রীমা ইসলাম ও ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি অন্যতম। বয়সের কারণে রীমা ইসলাম আপাতত রাজনীতিতে সক্রিয় না হলেও আশরাফুল ইসলাম মারা যাওয়ার পর কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে পুনর্র্নিবাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছে তার ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। আগামীতে দলের গুরুত্বপূর্ণ পদেও দেখা যেতে পারে তাকে। গাজীপুর ৩ আসন থেকে পরপর ৫ বার নির্বাচিত সাংসদ ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর জনপ্রিয়তা থাকা সত্ত্বেও শারীরিক অসুস্থার কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তার ছেলে জামিল হাসান দুর্জয় প্রার্থী চাইলেও নানা করণে মনোনয়ন পাননি। রহমত আলী বর্তমনে খুবই অসুস্থ। দলের জন্য তার অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা রেখে তার মেয়ে অধ্যাপক রুমানা আলীকে সংরক্ষিত আসনের এমপি করা হয়েছে। দলীয় গুরুত্বপূর্ণ কোনো পদে না থেকেও নারী, শিশু, অটিজম ও খেলাধুলার উন্নয়নে দীর্ঘদিন থেকে কাজ করেছেন রুমানা আলী। এলাকার স্কুল-কলেজসহ সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে তার ভূমিকা রয়েছে। বিশেষ করে মেয়েদের শিক্ষার উপযুক্ত পরিবেশ গড়ে তুলার ব্যাপারে এলাকায় তার খ্যাতি আছে।

তবে কিছুদিন আগে কেন্দ্রীয় সংগঠন থেকে রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দেয়া হয়। সে আলোকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়ার আগে আওয়ামী লীগের নারী ও শিশু বিষয়ক উপ-কমিটির সদস্য করা হয় তাকে। আগামী কাউন্সিলে দলের জন্য এমন ত্যাগী পরিবারের অনেক সদস্যকেই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে। সবকিছুই পর্যবেক্ষণ করছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও দলে নারীর অংশগ্রহণমূলক নেতৃত্ব নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। জানা গেছে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯০ এর খ-এর খ(২) অনুচ্ছেদে, কেন্দ্রীয় কমিটিসহ রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ সদস্যপদ নারী সদস্যদের জন্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং এই লক্ষ্যমাত্রা পর্যায়ক্রমে আগামী ২০২০ সাল নাগাদ অর্জন করার কথা বলা হয়েছে। ২০০৮ সালে নিবন্ধন পদ্ধতি চালুর পর ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব পূরণের প্রতিশ্রম্নতি ইসিকে দিয়েছিল রাজনৈতিক দলগুলো। এরপর এই কোটা পূরণ করতে বেশ কয়েকবার রাজনৈতিক দলগুলোকে চিঠি দেয়ার উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। তবে কোনো দলই এখন পর্যন্ত তা পূরণ করতে। গত ১০ বছরে কেন্দ্রীয় সংগঠনে ১৮ দশমিক ৫১ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করতে পেরেছে আওয়ামী লীগ। তাছাড়া দলের তৃণমূল কমিটিগুলোতে নারী নেতৃত্বের হার আরও কম।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করা একজন শীর্ষ নেত্রী যায়যায়দিনকে বলেন, নির্বাচন কমিশন চাইলেও দলের অনেক নেতাই এ ব্যাপারে আন্তরিক না। বিশেষ করে জেলা-উপজেলা ও তৃণমূলে নারীদের নেতৃত্বে আসা কঠিন। তবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন দলের ভেতরে ও বাইরে নারীর অংশগ্রহণমূলক নেতৃত্ব। আগামী কাউন্সিলে হয়ত এর প্রতিফলন ঘটবে। ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে ঘোষিত ৮১ জনের কেন্দ্রীয় কমিটিতে নারী ছিল মাত্র ১৫ জন। এখনো লক্ষ্যমাত্রা থেকে ১৪ দশমিক ৪৯ শতাংশ পিছিয়ে আছে। দলের সভানেত্রী শেখ হাসিনা। ১৪ সদস্যের সভাপতি মন্ডলীর মধ্যে নারী তিনজন। তারা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুন। ৩১টি সম্পাদকীয় পদের মধ্যে নারীরা পেয়েছেন মাত্র ৫টি। তারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নারী বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা এবং স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা। ২৮ জন সদস্যের মধ্যে নারী আছেন পাঁচজন। আগামী কাউন্সিলে তা বাড়নো হবে। টার্গেট থাকবে ৩৩ শতাংশ কোটা পূর্ণ করা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি