
ডেস্ক রিপোর্ট : মৌসুমের শুরু থেকেই গুঞ্জন ছিল জুভেন্টাসে যোগ দিতে চলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা মার্সেলো। বন্ধু ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একই জার্সিতে খেলতে জুভেন্টাসে যোগ দিতে চলেছেন তিনি। এবার সেই গুঞ্জন সত্যি হচ্ছে বলে দাবি করেছে ইতালির গণমাধ্যম।
তাদের দাবি, এরই মধ্যে মার্সেলোর সঙ্গে চুক্তি হয়েছে জুভেন্টাসের। আগামী মৌসুমেই মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসেই যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। ইতালির জনপ্রিয় পত্রিকা ‘লা স্টাম্পার’ দিয়েছে এ খবর। পত্রিকাটি দাবি করেছে, এরই মধ্যে চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে মার্সেলো ও জুভেন্টাস। ঠিকঠাক হয়ে গেছে চুক্তির অঙ্ক এবং মেয়াদও। ব্রাজিল তারকা নাকি জুভেন্টাসের সঙ্গে চুক্তিটা করবেন ৪ বছরের।
প্রতিবছরে ১২ মিলিয়ন ইউরো করে চুক্তির মোট অঙ্কটা নাকি ৪৮ মিলিয়ন ইউরো।
রোনালদোকে দলে নেওয়ার মাধ্যমে রিয়ালের অটুট দুর্গে যে ছিদ্রটি জুভেন্টাস করতে পেরেছিল, সে ছিদ্র দিয়েই মার্সেলো আর ইসকোকে নিয়ে আসতে চাইছে ইতালীয় জায়ান্টরা। রোনালদো রিয়াল ছেড়ে চলে যাওয়ার পর থেকেই মন খারাপ মার্সেলোর।
যেটার প্রভাব পড়েছে তার ফর্মের ওপর। নিজের চেনারূপে দেখা যাচ্ছে না মার্সেলোকে।
যার মাসুল দিয়েছেন রিয়াল মাদ্রিদের মূল একাদশ থেকে জায়গা হারানোর মাধ্যমে।
রিয়াল মাদ্রিদের মূল লেফটব্যাক এখন আর মার্সেলো নন, বরং রিয়াল একাডেমির তরুণ স্প্যানিশ লেফটব্যাক সার্জিও রেগুলিয়নের ওপরই আস্থা রাখছেন বর্তমান কোচ সান্তিয়াগো সোলারি। মূল একাদশ থেকে জায়গা হারিয়ে মার্সেলো প্রচ- ক্ষুব্ধ, তার স্ত্রীও ইনস্টাগ্রামে রাগ ঝেড়েছেন রিয়াল মাদ্রিদের প্রতি। সব মিলিয়ে বলা যায়, মাদ্রিদে সুখে নেই মার্সেলো। আর এই সুযোগটাই নিতে যাচ্ছে জুভেন্টাস।
























































