শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। আগামীকাল সোমবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ রোববার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান।

পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এক বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ক্রম উন্নতি হচ্ছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলছেন। আগামীকাল তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।

এ সময় সেতুমন্ত্রীর স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি