সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বকাপ আমার স্বপ্ন, আমি খেলবই : তাসকিন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : ভাগ্যের কাছে হার মেনে বাসা-বিসিবি-হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন তাসকিন আহমেদ। অথচ থাকার কথা ছিল নিউজিল্যান্ডে। নেপিয়ার, ক্রাইস্টচার্চ কিংবা হ্যামিলটনে বল নিয়ে ঝড় তুলছেন ২২ গজে-এমনটা হয়তো মনের মধ্যে এঁকেও রেখেছিলেন, কিন্তু বেরসিক ইনজুরি তা হতে দিলো কই?

বিপিএলে দুর্দান্ত পারফর্মেন্স করে দীর্ঘদিন দলের বাইরে থাকার পর ডাক পেয়েছিলেন জাতীয় দলে। কিন্তু ইনজুরি তার সব মাটি করে দিলো। এমন একটা সময়ে তার ইনজুরি হলো, যে কারণে বিশ্বকাপে খেলা নিয়েও আছে কিছুটা সংশয়। কেননা ক্রিকেট বিশ্বকাপের যে আর তিন মাসও বাকি নেই! তবে তাসকিন শতভাগ আশাবাদী বিশ্বকাপ দলে তিনি থাকবেন, দলে তিনি থাকবেন না এমন চিন্তাও মাথায় আনছেন না।

ইনজুরি, বিশ্বকাপ ভাবনাসহ বিভিন্ন বিষয়ে তাসকিন কথা বলেছেন। তার সাক্ষাৎকার নিয়েছেন সাইফুল ইসলাম রিয়াদ।

শুরুতেই জানতে চাইবো ইনজুরির অবস্থা,সম্পূর্ণ ফিট হতে কত দিন লাগতে পারে আরও?

তাসকিন : আল্লাহর রহমতে এখন অনেকটা বেটার মাশাআল্লাহ, আমার ওয়ার্কআউট শুরু করেছি। জিম, রিহ্যাব সবকিছুই ভালো, ব্যথাও কমেছে মাশাআল্লাহ। আশা করি এরকম ইমপ্রুভমেন্ট থাকলে দৌড়াতেও শুরু করব। দৌড়ানো শুরু করলে প্রবলেম না থাকলে বোলিং শুরু হয়ে যাবে।

এখন ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চলছে, এটার মধ্য দিয়ে ফেরার সম্ভাবনা কতটুকু?

তাসকিন : ইনশাআল্লাহ অবশ্যই, কামব্যাক করতে পারব ডিপিএলে। কিন্তু এই মাসে সম্ভব না, হয়তো এপ্রিলে মাসের শুরুর দিকে ফিরতে পারব। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে আশা করা যায়, ডিপেন্ড করবে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে তার উপর।

দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন, যখন ইনজুরির রিপোর্ট হাতে পেয়ে জানতে পারলেন নিউজিল্যান্ড সিরিজ মিস করছেন, তখনকার অনুভূতি কেমন ছিল?

তাসকিন : খারাপতো লাগে কিন্তু পার্ট অব লাইফ এটা। আমার কন্ট্রোলে যেহেতু নাই, তখন নিজেকে সান্ত্বনা দিয়েছি একটাই যে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।

নিউজিল্যান্ডের বিপক্ষেই আপনার টেস্ট অভিষেক হয়। অভিষেক হওয়ার পর থেকে মাত্র পাঁচটি টেস্ট খেলেছেন,যেখানে বাংলাদেশ খেলে ১৮টি টেস্ট, এত কম খেলার কারণ কী?

তাসকিন : না খেলার আসল কারণগুলো ছিল ইনজুরি। ইনজুরি একটা না একটা লেগেই ছিল, প্রায় চারটা ইনজুরি হইসিল, তো দেখা গেছে যে নিদাহস ট্রফি পর্যন্ত খেলছি। ওই সময় ব্যাক পেইনের কারণে ইফোর্টটা দিতে পারিনি বোলিংয়ে, আসলে আমার খেলার সুযোগই হয়নি। ফিট হয়ে যখন ঘরোয়া লিগে চারদিনের ম্যাচ খেলা শুরু করেছিলাম, তখন ভালো করেছিলাম।

২০১৪ তে আপানার ওয়ানডে অভিষেক, ১৫তে বিশ্বকাপ খেলেছেন এখন আরেকটি বিশ্বকাপ কদিন বাদেই। কিন্তু এই পাঁচ বছরে আপনি খেলেছেন মাত্র ৩২টি ওয়ানডে (বাংলাদেশ খেলে ৮১ ম্যাচ ) এইজন্য কী দায়ী অফ-ফর্ম নাকি ইনজুরি?

তাসকিন : মেইন ছিল ইনজুরি। ইনজুরি হওয়ার পর যখন বাদ গেলাম তারপরে রিদম আসতে না আসতেই আবার ইনজুরি হইসে। আমার পারফরমেন্স খারাপ হইসিল যখন আমি ফুললি ফিট ছিলাম না, দেখা গেছে যে ব্যথা-ট্যথা নিয়েই খেলছি। খেলে খেলে এই জিনিসগুলো আরও খারাপ করেছি নিজের। ওই সময় মাথায় আসেনি ব্যথা নিয়ে ইনজুরি নিয়ে খেললে আমার নিজের ক্ষতি হবে।

ব্যথা নিয়ে কেন খেলেছেন? টিম ম্যানেজমেন্ট, ফিজিও জানতো না?

তাসকিন : লিগেও খেলেছি, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে একটু ব্যথা ছিল। ফাস্ট বোলারদের কিছু কিছু ব্যথাতো আমাদের শরীরে সবসময় থাকে। আবার অনেক সময় নিজে থেকে খেলার ঝোঁকের কারণে, যে আমি খেলি কিছু হবে না। এই জিনিসগুলো ক্ষতিকর। যারা এখন একদম ইয়াং, সেভেন্টিন-নাইন্টিনে আছেন ওরা যাতে এই জিনিসগুলো না করে। ইনজুরি থাকলে, সম্পূর্ণ ফিট হয়ে যাতে খেলে। একটা-দুইটা সিরিজ বাদ গেলেও যাতে সম্পূর্ণ সুস্থ হয়েই খেলে।

ওয়ানডে অধিনায়ক বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছেন, বর্তমান দল থেকেই ঘুরেফিরে বিশ্বকাপ দল বাছাই হবে। আপনিতো দলের বাইরে, আপনি কী আশাবাদী বিশ্বকাপ খেলতে পারবেন?

তাসকিন : আমি আশাবাদী ওয়ার্ল্ড কাপ খেলব। ২০১৫ বিশ্বকাপের রেকর্ড দেখেন সবচেয়ে বেশি উইকেট আমার। ইন্টারন্যাশনালে ৩২ ম্যাচে ৪৫ উইকেট পাইছি, হ্যাঁ কয়েকটা ম্যাচ খারাপ করছি কিন্তু এগুলো ইন্টারন্যাশনাল ম্যাচেইতো।

যদি সুযোগ না আসে, বিষয়টি কীভাবে নেবেন? বা এটি আপনার ক্যারিয়ারের জন্য একটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে কি না?

তাসকিন : মনতো খারাপ হবে, কারণ আমি বিপিএলে ভালো করছিলাম তারপর আমি নিউজিল্যান্ড সিরিজের টেস্ট ও ওয়ানডে টিমেও ছিলাম। আমি লাস্ট মুহূর্তে ইনজুরড হয়ে গেছি, বিপিএলে যে পারফর্মেন্স ছিল, এখন যে কনফিডেন্স লেবেল আছে সব মিলিয়ে আমি ফিল করি, আমি ডিজার্ভ করি। টিমে থাকা না থাকা আমার কন্ট্রোলে না, কন্ট্রোলে আছে আমার একমাত্র হার্ডওয়ার্ক, আমার পরিকল্পনা। আমার যে হবে না আমি চিন্তাই করতেছি না, আমি পজেটিভ ভাবতেছি অবশ্যই হবে, আমি পরিকল্পনা করতেছি হইলে কেমনে আরও ভালো করা যায়। বিশ্বকাপ আমার ড্রিম, আমার স্বপ্ন, ২০১৫ সালেও খেলেছি, ১৯এর বিশ্বকাপও খেলবই এটা আমি ভেবে রেখেছি। কিন্তু না হলে পরেরটা পরে দেখা যাবে। তবে মন খারাপ হবে, এবং এটা খুবই দুঃখজনক ব্যাপার।

২০১৯ বিশ্বকাপ হবে ইংল্যান্ডে,ভিন্ন পরিবেশে বাংলাদেশকে নিয়ে কেমন সম্ভাবনা দেখছেন?

তাসকিন : আসলে সত্যি কথা বাংলাদেশ ক্রিকেট দলের যে অ্যাবিলিটি আছে, এবং প্রমাণ করতে পেরেছে অনেক বড় বড় ইভেন্টে আমরা অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলতে পারবই, এটা আমার বিশ্বাস। ফাইনাল খেলার অ্যাবিলিটি আছে আমাদের, তবে বাজে কিছু হলে সেমিফাইনাল খেলব। তবে ফার্স্ট রাউন্ডে বাদ হবো না এটা আমার আত্মবিশ্বাস।

আরও পরিষ্কার করে যদি বলি, ইংল্যান্ডের মাটিতে পেসাররাই বেশি রাজত্ব করে, বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে কেমন সম্ভাবনা দেখছেন?

তাসকিন : আল্লাহর রহমতে যা আছে অবশ্যই ভালো। মোস্তাফিজ, রুবেল ভাই, মাশরাফি ভাই, সাইফুদ্দিন আছে তারপর যারাই আছে সবাই কিন্তু ক্যাপাবল। উনারা ইন্টারন্যাশনাল লেবেলে অনেক বড় বড় ম্যাচ জিতাইছে, আমিও জিতাইছি। আমরা অনেক সময় এমনও হইসে চারটা পেস বোলার নিয়ে খেলছি। অবশ্যই পারব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি