শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কিডনি রোগে আক্রান্ত ৪০-৫০ লাখ শিশু


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট: প্রতিবছর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যে পরিমাণ শিশু দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে যায়, তাদের ৫ থেকে ৭ শতাংশই কিডনি রোগী। সে অনুযায়ী, বর্তমানে দেশে ৪০ থেকে ৫০ লাখ শিশু কিডনি রোগী রয়েছে। অথচ তাদের মধ্যে বছরে মাত্র দুই থেকে আড়াই হাজার শিশু কিডনি ডায়ালাইসিসের সুযোগ পাচ্ছে।

গতকাল রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে শিশুদের কিডনি রোগের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ ও শিশুদের কিডনি রোগ প্রতিরোধবিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালায় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটির সভাপতি ডা. গোলাম মাঈনউদ্দিন এবং ইন্টারন্যাশনাল পেডিয়াট্রিক নেফ্রোলজি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ইয়াপ হুই কিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডা. গোলাম মাঈনউদ্দিন বলেন, প্রতিবছর বিএসএমএমইউর বহির্বিভাগে ৭ হাজার শিশু কিডনি রোগী চিকিৎসা নেয়। এর মধ্যে প্রায় ৬ শতাধিক শিশু কিডনি হাসপাতালে ভর্তি হয়। যাদের মধ্যে মৃত্যুর হার ১ শতাংশ। এত বিপুল পরিমাণ এই শিশু কিডনি রোগীদের চিকিৎসা প্রদানে দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে মাত্র ৬০-৭০ জন বিশেষজ্ঞ আছেন।

তিনি আরও বলেন, বিএসএমএমইউ, জাতীয় কিডনি ইনস্টিটিউট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালে শিশু কিডনি রোগীদের ডায়ালাইসিস প্রদান করা হয়। সেখানে বছরে প্রায় দুই থেকে আড়াই হাজার ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। কিন্তু ক্রনিক কিডনি রোগীদের প্রধান চিকিৎসা কিডনি প্রতিস্থাপন। এই চিকিৎসা শুধু বিএসএমএমইউতে ২০০৬ সাল থেকে প্রদান করা হচ্ছে।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া বলেন, এ ধরনের কর্মশালা তরুণ চিকিৎসকদের মধ্যে শিশু কিডনি রোগ বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভূমিকা রাখবে শিশু কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসাসেবা প্রসারেও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি