সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুক্তি পেয়ে দেশের বাইরে যাচ্ছে ‘যদি একদিন’


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট: নারী দিবসে দেশের ২২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ‘যদি একদিন’। এরই মধ্যে দর্শকমহলে ছবিটি দারুণ প্রশংসিত হয়ে উঠেছে। গতকাল রোববার সকালে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে এর বিশেষ প্রদর্শনীতে অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বসে ‘যদি একদিন’ দেখেন এর নায়ক তাহসান, নায়িকা কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী, নির্মাতা মোস্তফা কামাল রাজসহ ছবির কলাকুশলীরা।

মুক্তির ৩ দিনের মাথায় আজ দুপুরে ছবির নির্মাতা জানালেন। ‘যদি একদিন’ এবার মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকায়।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আগামী ২২ মার্চ কানাডায়, ৩১ মার্চ অস্ট্রেলিয়ায় এবং এপ্রিলের প্রথম সপ্তাহে আমেরিকায় ছবিটি মুক্তি পাচ্ছে। কানাডায় ছবিটি পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো, আমেরিকায় রাজ হামিদ, অস্ট্রেলিয়াতে তানিম আল মানান ছবিটি পরিবেশনা করছেন। এছাড়াও আগামী মাসে ফ্রান্স ও আয়ারল্যান্ডে ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে।’

নির্মাতা আরও বলেন, ‘দেশের দর্শক ছবিটি যেভাবে গ্রহণ করেছে আশা করি, ছবিটি প্রবাসী দর্শকদের মনও জয় করতে পারবে।’

‘যদি একদিন’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহসান, শ্রাবন্তী, তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ, রানী আহাদ প্রমুখ। এর চিত্রনাট্য করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি