বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শুরুর আগেই বাক্সে মিলল ভোট দেওয়া ব্যালট,শিক্ষার্থীদের অভিযোগ


শুরুর আগেই বাক্সে মিলল ভোট দেওয়া ব্যালট,শিক্ষার্থীদের অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ শুরুর আগেই বাক্সে ভোট দেওয়া ব্যালট পাওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ওই হলের প্রভোস্টকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। পরে তাকে বরখাস্তও করা হয়েছে।

সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীদের অভিযোগ, আজ সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর আগে তারা নির্বাচনী কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার দেখতে চান। কিন্তু তারা সে সময় ব্যালট দেখাতে অস্বীকার করেন। পরে শিক্ষার্থীদের চাপের মুখে ব্যালট বাক্স খুলতে বাধ্য হন কর্মকর্তারা। সে সময় শিক্ষার্থীরা তিনটি ব্যালট বাক্সে ভোট দেওয়া ব্যালট পান।

প্রক্টর অধ্যাপক অধ্যাপক গোলাম রব্বানী জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা মিলেছে।

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান জানান, কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কখন আবার ভোট গ্রহণ করা হবে এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে দুপুর ২টা পর্যন্ত। আজ ভোর থেকেই ভোট দেওয়ার জন্য কেন্দ্রগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন হয়েছে সাত বার। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি