ডেস্ক রিপোর্টঃ ওয়েলিংটন টেস্টে প্রকৃতি বাংলাদেশের পক্ষে নিলেও বাংলাদেশ প্রকৃতিকে নিজেদের করে নিতে পারলো না। পরাজয়ের গ্লানিই নিতে হলো টাইগারদের। পাঁচ দিনের টেস্ট ম্যাচটিতে প্রথম দু’দিন বৃষ্টিতে ভেস্তে যায়। তৃতীয় দিন থেকে ম্যাচটি শুরু হয়। টেস্টের রেকর্ড অনুযায়ী ম্যাচটি ড্র হওয়ার কথা সেখানে তিন দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ রানের ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। তিন ম্যাচ টেস্ট সিরিজে সিরিজটিও হাত ছাড়া হলো টাইগারদের। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেলো কিউই দল।
সারা দিন টিকে থাকার লড়াইয়ে শেষ দিন শুরু করা বাংলাদেশ ভেঙে পড়েছে নিল ওয়েগনার ও ট্রেন্ট বোল্টের বোলিংয়ে। গুটিয়ে গেছে ২০৯ রানেই।
ইনিংসের একমাত্র ফিফটি এসেছে অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে। ফিফটি জুটিও ছিল কেবল একটিই।
চোটের কারণে এ দিন মাঠে নামেননি অধিনায়ক কেন উইলিয়ামসন, নেতৃত¦ দেন টিম সাউদি। নিউ জিল্যান্ডের তাতে খুব সমস্যা হয়নি।
ম্যাচের প্রথম দুই দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। পরের তিন দিনে ম্যাচ শেষ হতে লাগল ২০১.৫ ওভার। বাংলাদেশ তাই কার্যত হেরেছে মাত্র দুই দিনের একটু বেশি সময়ে। দিনের শুরুটা ছিল আশা জাগানিয়া। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সৌম্য সরকার ও মিঠুন প্রথম ৪০ মিনিট কাটিয়ে দেন নিরাপদে। দারুণ কয়েকটি শটও খেলেন দুজন। আশার যে রথ ছুটতে শুরু করেছিল, সেটি থামিয়ে দেন বোল্ট। অফ স্টাম্প ঘেষা বাড়তি লাফানো ডেলিভারিতে শরীর থেকে দূরে খেলে স্লিপে ক্যাচ দেন সৌম্য। ৫৭ রানের জুটির সমাপ্তি।
মিঠুনের ব্যাটে লড়াইয়ের একটু প্রত্যয় দেখা যাচ্ছিল। শর্ট বল সামলানোর জন্য নিজের সহজাত স্টান্সে বদল এনে খেলছিলেন। বিশেষ করে ওয়েগনারের বোলিংয়ে তার ব্যাটিং স্টান্সে সামনের পা ছিল প্রায় মিড উইকেটমুখী। কিন্তু সেই লড়াইয়ের বাঁধ ভাঙল শর্ট বলের স্রোতেই। ৪৭ রানের লড়াকু ইনিংসটি শেষ হলো হতাশাজনক শটে। একের পর এক শর্ট বল করছিলেন ওয়েগনার। একটিতে চালিয়ে দিলেন মিঠুন। ধরা পড়লেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে সাউদির হাতে।
লিটনের আউট ছিল আরো বাজে শটে। ওয়েগনারের আগের বলেই পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে অল্পের জন্য আউট হননি মাহমুদুউল্লাহ। সেটি দেখেও পরের বলে শর্ট বলে পুল করলেন লিটন। আউট হলেন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের আরেকটি উদাহরণ রেখে। এরপর ছিল কেবল শেষের অপেক্ষা। ওয়েগনারের আরেকটি শর্ট বল ফিরিয়েছে তাইজুলকে। মোস্তাফিজুর রহমান এসেই চাবুকের মতো ব্যাট চালাতে থাকেন। তাতে দুটি ছক্কা পেয়েছেন, আউটও হয়েছেন দ্রুত।
মাহমুদুউল্লাহ শুরুতে চেষ্টা করেছেন উইকেট আঁকড়ে রাখতে। একের পর এক সঙ্গীকে হারানোর পর তিনিও বাধ্য হন আগ্রাসনের পথ নিতে। তাতে দারুণ কিছু শট খেলেছেন, আবার ব্যাটের কানায় লেগে ভাগ্যের ছোঁয়ায় বেঁচেছেন। শেষ পর্যন্ত ওয়েগনারকে উড়িয়ে মারতে গিয়ে শেষ হয়ে ১২ চার ও ১ ছক্কায় ৬৯ বলে ৬৭ রানের ইনিংস।
লাঞ্চের নির্ধারিত সময়ে বাংলাদেশ উইকেট হারিয়েছিল ৮টি। সময় বাড়ানো হলো ১৫ মিনিট। লাগল না আর ৫ মিনিটও। এক ওভারে দুটি উইকেট নিয়ে ম্যাচ শেষ করে দিলেন ওয়েগনার।
দ্বিতীয় ইনিংসে ৫টি আর ম্যাচে ৯ উইকেট নিয়ে শেষ করলেন ওয়েগনার। ইনিংসে ৪টিসহ ম্যাচে বোল্টের শিকার ৭টি। যদিও ডাবল সেঞ্চুরি করে ম্যাচের সেরা রস টেইলর।
দু’দিন বৃষ্টি হওয়ায় তৃতীয় দিন থেকে খেলা শুরু হওয়ার কথা, তখন সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ স্টিভ রোডস বলেছিলেন তিন দিনে ম্যাচের ফলাফল আসা সম্ভব। তাই হলো কিন্ত বাংলাদেশের পক্ষে না হয়ে বিপক্ষেই হলো।
উল্লেখ্য, আগামী ১৬ মার্চ ক্রাইচার্চে কিউদের বিপক্ষে তৃতীয় ও শেষ টস্টে খেলবে বাংলাদেশ।

























































