ডেস্ক রিপোর্টঃ দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সম্প্রদায় এখনো সমাজে অবহেলিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু পরিচয়ের কারণে সরকারি সেবা পেতে পদে পদে ঘুষ দিতে হয় তাদের। শুধু পরিচয়ের কারণে যেকোনো ধরনের অধিকারপ্রাপ্তি ও সেবা গ্রহণের ক্ষেত্রে তাদের চরম বৈষম্যের শিকার হতে হয়। এই বৈষম্য দূর করার জন্য কী পদক্ষেপ নেয়া প্রয়োজন? এ ব্যাপারে জানতে চাইলে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, সকল মানুষের মধ্যে সমতা নিশ্চিত করতে হলে অতি দ্রুত সময়ের মধ্যে বৈষম্য বিলোপ আইন পাস করতে হবে এবং এ আইনের বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, আমাদের সংবিধানে বলা আছে রাষ্ট্রের চোখে সকল নাগরিক সমান। আমাদের সংবিধানে থাকা সত্ত্বেও আমরা সকল নাগরিকের জন্য এখনো সমঅধিকার নীতি প্রতিষ্ঠা করতে পারিনি। বিশেষ করে দলিত সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায় এরা আরো বেশি বঞ্চনার মধ্যে রয়েছে। অনেক বেশি বৈষম্যের মধ্যে রয়েছে। এটা দূর করতে হলে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে নীতিগুলো আছে সেগুলো কার্যকর করতে হবে। আর একটা আইন অনেকদিন ধরে আটকে আছে। সংসদে এটা উঠানো হচ্ছে না। আইনমন্ত্রী আমাদের বারবার কথা দেয়া সত্ত্বেও এই আইনটা সংসদে তোলেননি। সেটা হলো বৈষম্য বিলোপ আইন। যেখানে বলা আছে, কোনো মানুষের প্রতি, কোনো নাগরিকের প্রতি, কোনো ব্যক্তি, কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান বৈষম্য পদর্শন করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। সে আইনটা এখন পর্যন্ত সংসদেই তোলা হয়নি। তার মানে আমরা বলতে পারি রাষ্ট্র সেরকমভাবে গুরুত্ব দিয়ে সব মানুষের সমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে না । সেটা করতে হলে এ আইনটা পাস করতে হবে। এ আইনের বাস্তবায়ন করতে হবে এবং সাংস্কৃতিকভাবে মানুষের ভেতরে যে বৈষম্যের সংস্কৃতি তৈরি হয়েছে তা দূর করতে হবে। সাম্প্রদায়িকতার কারণে মানুষের মনের মধ্যে মানসিক যে অন্ধকার আছে সেটা দূর করার জন্য শিক্ষা, সংস্কৃতির ক্ষেত্রে অনেক জোর দিয়ে কাজ করতে হবে বলে মনে করেন সুলতানা কামাল।
























































