ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় পকেটমারের খপ্পরে পড়েছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার ব্যাগ থেকে মোবাইল ফোন খোয়া যায়। তবে সন্দেহজনক এক নারীকে আটকের ঘণ্টাখানেক পর মোবাইল ফোনটি পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার হয়। চ্যানেল আই
শুক্রবার বিকালে পল্লবী থানা এলাকার ১১ নম্বর সেকশনের মোহাম্মদীয়া মার্কেটে ঘটনাটি ঘটে। ঘটনার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্বী থানায় মামলা (নং-৩৯) দায়ের করেন।
পল্লবী থানা পুলিশ জানায়, এ ঘটনায় রনি বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করে। শনিবার সকালে আদালতে পাঠানো হয়।
ফাতিমা আজরিন তন্বী বলেন, শুক্রবার বিকালে পল্লবীর মোহাম্মদীয়া মার্কেটে শপিংয়ের জন্য গিয়েছিলাম। এক পর্যায়ে কেউ একজন ব্যাগ থেকে মোবাইল ফোনটি নিয়ে যায়। তখন পাশে থাকা এক নারীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করি। তিনি বলেন, ওই সময় তার সঙ্গে একটি বাচ্চাসহ আরেকজন লোক ছিলো। কিন্তু হঠাৎ করেই ওই বাচ্চাকে নিয়ে লোকটি কেটে পড়ে। পুলিশ ঘটনাস্থলে আসার পর ওই নারীকে থানায় নিয়ে যায়।
তিনি আরো জানান, ঘটনার বেশ কিছুক্ষণ পর অন্য মোবাইল থেকে তার নম্বরে কল করার পর ফোন রিসিভ করে অচেনা এক ব্যক্তি বলেন, মোবাইলটি রাস্তার পাশে পড়ে ছিলো। এসে নিয়ে যান।
শনিবার পল্লবী থানার ওসি (অপারেশন) মো. এমরানুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ম্যাজিস্ট্রেটের পকেটমারের ঘটনায় রনি বেগমের বিরুদ্ধে মামলা হয়েছে।























































