ডেস্ক রিপোর্ট : উত্তরার ৩নং সেক্টরের একটি বাসায় এসি বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছে। তারা হলেন, আলমগীর হোসেন (৫৫) ও তার স্ত্রী বিলকিস ফারজানা বেবি (৪৭)। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতদের স্বজন ও উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, ৩নং সেক্টেরের ১৮ নম্বর সড়কের ৪২ নম্বর বাড়িতে থাকতেন ওই স্বামী-স্ত্রী। সাততলা ভবনের পঞ্চম তলায় থাকতেন তারা। সোমবার রাত ২টার দিকে এসির বিস্ফোরণ হয়। এতে দু’জনই দগ্ধ হন।
আলমগীরের ভাই তানজিম শাহরিয়ার জানান, তার ভাই বিমানবন্দর থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ভাবি উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হাসান খান জানান, আশঙ্কাজনক অবস্থায়দগ্ধ দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার জানিয়েছেন, তাদের শরীরে বার্নের পরিমাণ বেশি।


















































