
ডেস্ক রিপোর্ট : বয়স তখন ৯। দুরুদুরু বুকে বলিউডের খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বানসালির দপ্তরে ঢুকেছিল ছোট্ট আলিয়া ভাট। সেই থেকে মহেশ ভাট তনয়ার স্বপ্ন, বানসালির পরিচালনায় কাজ করবেন। আর নায়ক? সুপারস্টার সালমান খান হলে মন্দ হয় না। ছোটবেলার সেই স্বপ্নপূরণ হতে যাচ্ছে আলিয়ার।
উচ্ছ্বাস প্রকাশ করে টুইটারে তিনি লিখেছেন, ‘নিজের দেখা স্বপ্ন যেন এসে বলল, আমি এসেছি! সঞ্জয় স্যার ও সালমান খান একসঙ্গে হওয়া মানেই জাদু আর ‘ইনশাল্লাহ’ নামের চমৎকার এ স্বপ্নযাত্রায় যোগ দেওয়ার জন্য আমার যে তর সইছে না।’
দুই দশক একসঙ্গে কোনো কাজ করেননি বানসালি ও সালমান। সম্প্রতি দুজনে যখন এক হলেন, তখনই শুরু হলো নানা জল্পনা-কল্পনা, ‘ইনশাল্লাহ’ চলচ্চিত্রে নায়িকা হবেন কে? খবর ছড়াল, পরিচালক চাইছেন এক নায়িকা, নায়ক চাইছেন আরেকজনকে। অবশেষে জানা গেল, বানসালির নতুন চলচ্চিত্রে সালমানের বিপরীতে অভিনয় করবেন আলিয়া। টুইট করে ঘটনাটি ভক্তদের জানিয়েছেন সালমান খান।
























































