ডেস্ক রিপোর্ট :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাপুর নামকস্থানে আজ মঙ্গলবার সকাল সাতটায় উপজেলাগামী সিটি লিংক সার্ভিসের একটি লেগুনা উল্টেপড়ে রিয়া সাহা নামক এক স্কুলছাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১০ ছাত্রী।
খবর পেয়ে সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ সিটি লিংক সার্ভিসের লেগুনা উদ্ধার করেছেন। তাত্ক্ষণিকভাবে আহত ছাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, মহান স্বাধীনতা ও ৪৯তম জাতীয় দিবস উপলক্ষে সকাল সাতটায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাপুর নামকস্থানে তাদের বহনকারী সিটি লিংক সার্ভিসের লেগুনা উল্টে ঘটনাস্থলে দশম শ্রেণীর ছাত্রী রিয়া সাহা নিহত হয়। সে স্থানীয় দুর্গাপুর গ্রামের রবি সাহার মেয়ে বলে বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন মজুমদার ইত্তেফাককে জানিয়েছেন।
অপর আহত ছাত্রীরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান চলমান থাকায় এ বিষয়ে উপজেলা প্রশাসন কিংবা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


















































