ডেস্ক রিপোর্ট : সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে গেছে স্বাগতিক পাকিস্তান। বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। এই ম্যাচ জিতলে সিরিজ জিতার সম্ভাবনা বাঁচিয়ে রাখবে স্বাগতিকরা। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। অন্যদিকে এই ম্যাচ জিতে গেলে ২ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে অজিরা।
এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবনায় নেই পাকিস্তানের। ম্যাচ হারলেই সিরিজ ফসকে যাবে ফলে এই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো পাকিস্তানি ব্যাটসম্যান হারিস সোহেল। তিনি বলেন, ‘আমাদের সামনে এখন একটিই সমীকরণ। আর সেটা হলো- জয়। জয় ছাড়া কোনো উপায় নেই। হেরে গেলে চলমান সিরিজ নিয়ে আমাদের আর কিছুই করার থাকবে না। তাই যেভাবেই হোক তৃতীয় ম্যাচে আমরা জয় চাই।’

























































