ডেস্ক রিপোর্ট : বেগম নামের ৫০ বছর বয়সী এক নারী ছোট নৌকায় করে আন্তর্জাতিক জলসীমায় অপেক্ষমাণ মালয়েশিয়াগামী জাহাজে চড়েই দেখতে পান পাচারকারীরা নারীদের ধর্ষণ করছে। তিনি অন্তত দুজন নারীকে ধর্ষণের শিকার হতে দেখেছেন। রহিম নামের ২৭ বছর বয়সী এক ব্যক্তি মানবাধিকার সংগঠন জানান, তিনিও জাহাজে নারীদের ধর্ষিত হতে দেখেছেন। তিনি বলেন, মেনে নেওয়া ছাড়া ওই নারীদের আর কোনো উপায় ছিল না।
‘মালয়েশিয়াগামী’ নৌকায় ওঠার সময় হাতে সাদা ব্যান্ড পরার কারণ বুঝতে বেশি সময় লাগেনি ইউনুসের। নৌকা ছাড়ার কিছু সময় পরই দালাল এসে জানায়, সে ইউনুসকে কিনে নিয়েছে। আর এর পরই ইউনুসের কাছে যা ছিল সব কেড়ে নেয় সে। কিশোর আবদুল ইয়াসিন (১৭) তার জবানবন্দিতে বলে, পাচারকারীরা তাদের নৌকার ছয়জনকে মেরে ফেলার পর উপায়ান্তর না দেখে অনেকে সাগরে ঝাঁপ দিয়েছে। নৌকার পাটাতনের নিচে বেশ কয়েক দিন অবস্থান ও দুঃসহ গরম সহ্য করতে না পেরে তার অন্তত ২৫ সহযাত্রী সাগরে ঝাঁপ দেয়।
বাংলাদেশ ও মিয়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে মানবপাচার বিষয়ে গতকাল বুধবার কুয়ালালামপুরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরাসরি মালয়েশিয়া যাওয়া যাবে এমন বিশ্বাস নিয়ে ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে অন্তত ১০ হাজার রোহিঙ্গা ও বাংলাদেশি নৌকায় চড়েছিল। মানবপাচারকারীচক্র তাদের নিরাপত্তা ও আকর্ষণীয় চাকরির কথা বলেছিল; কিন্তু মালয়েশিয়ায় না পাঠিয়ে তাদের জিম্মি করে মৃত্যুর মুখে ঠেলে দেয়। অবর্ণনীয় নির্যাতন-নিপীড়নে তাদের অনেকের মৃত্যু হয়। যারা প্রাণে বেঁচে কোনোমতে থাইল্যান্ড, মালয়েশিয়া পর্যন্ত পৌঁছতে পেরেছে তাদেরও মুক্তি মেলেনি। জল থেকে ডাঙায় ওঠার পর শুরু হয় নতুন মাত্রার বীভৎস নির্যাতন-নিপীড়ন।
নূর ওয়াই নামের এক রোহিঙ্গা নারী জানান, মালয়েশিয়ায় পাঠানোর নাম করে তাঁকে থাইল্যান্ডে আনা হয়েছিল। ফাতিমা নামের এক নারী মিয়ানমার থেকে তাঁর স্বামী ও এক বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে পাচারকারীদের নৌকায় চড়েছিলেন। তাঁদের নৌকায় বেশির ভাগই ছিল রোহিঙ্গা ও বাংলাদেশি। নূর ওয়াই আরো জানান, ১৯ দিন সাগরে কাটানোর সময় তিনি তাঁর সহযাত্রীদের নিয়মিত মারধরের শিকার হতে দেখেছেন। তিনিও জানান, পিটুনিতে তাঁর পাঁচ সহযাত্রীর মৃত্যু হয়েছে। আর তিনজন সাগরে ঝাঁপ দিয়েছিল। তাদের দুজনকে উদ্ধার করা গেলেও একজনের কোনো খোঁজ মেলেনি।
মংডু থেকে থাইল্যান্ড যাওয়া আরেক রোহিঙ্গা নারী জানান, আট দিনের যাত্রায় তাঁদের কোনো খাবার ও পানি দেওয়া হয়নি। লোকজন প্রায় পাগলের মতো আচরণ করছিল ক্ষুধায়। তারা যাতে সাগরে ঝাঁপ দিতে না পারে সে জন্য দালালরা সবাইকে হাত-পা একসঙ্গে বেঁধে রাখে।
মোহাম্মদ ইসমাইল নামের একজন জবানবন্দিতে জানান, খাবার ও পানি চাইলে বার্মিজ নিরাপত্তারক্ষীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। খাবার চাইলে নির্মমভাবে পিটিয়ে তাঁদের মুখে প্রস্রাব করে দিত নিরাপত্তারক্ষীরা। পেটানোর জন্য তাদের রড ও চাবুকের মতো রশি ছিল।
পাচারের শিকার হওয়া কয়েকজন জানিয়েছে, তাদের সহযাত্রীরা অসুস্থ হয়ে পড়লে কোনো চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়নি। বরং নৌকার এক কোনায় ডেকে নিয়ে ধাক্কা দিয়ে সাগরে ফেলে দেওয়া হতো।
মালয়েশিয়ায় পেনাং রাজ্যে রোহিঙ্গা যুবক জামাল জানান, ডাঙায় পৌঁছানোর পর প্রতিদিন তাঁদের সংখ্যা গণনা করা হতো। আবদুর রহমান নামের এক ব্যক্তি জানান, পাচারকারীরা তাঁকে গাড়িতে করে মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। এর পরই তারা তাঁর কাছে টাকা দাবি করে পেটানো শুরু করে।
আবদুল হান্নান নামের এক ব্যক্তি জানান, তাঁর স্বজনরা মালয়েশিয়ার মে ব্যাংকে পাচারকারীদের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার পর তিনি মুক্তি পান। পাচারকারীদের কথামতো না চললে বন্দিশিবিরে উলঙ্গ করে রাখার তথ্যও এসেছে জবানবন্দিতে। থাইল্যান্ডে পাচারকারীরা নারীদের বিক্রি করার জন্য স্থানীয়দের সঙ্গে দর-কষাকষি করছে—এমন তথ্য-প্রমাণও পাওয়া গেছে।
পাচারকারীদের নির্যাতনের পর প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা ও প্রত্যক্ষদর্শীরা মালয়েশিয়ার মানবাধিকার কমিশন ও বেসরকারি মানবাধিকার সংস্থা ফরটিফাই রাইটসকে জানিয়েছে, পাচারকারী নৌকাগুলো পরিচালনার দায়িত্বে ছিল মূলত বার্মিজ, রোহিঙ্গা, রাখাইন, থাই ও মালয়রা। থাইল্যান্ডের ফৌজদারি আদালতও রোহিঙ্গাদের পাচারকারী হিসেবে থাই, মিয়ানমার ও বাংলাদেশি কয়েকজন নাগরিককে চিহ্নিত করেছেন। তবে মালয়েশিয়ার মানবাধিকার কমিশন ও ফরটিফাই রাইটসের প্রতিবেদনে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। মানবপাচারের ভয়ংকর তথ্য প্রকাশ হওয়ার পর ২০১৫ সালের মে মাসে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলো তাদের ভূখণ্ডে পাচারকারী চক্রগুলোর নৌকা ভিড়তে দিতে অস্বীকৃতি জানায়। সে সময় পাচারকারীরা তাদের নৌকাগুলোতে পাঁচ থেকে ছয় হাজার ব্যক্তিকে রেখে অন্যত্র চলে যায়।























































