ডেস্ক রিপোর্ট :
সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপের পরও ব্যাংক ঋণের সুদের হার কেন কমছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত সপ্তাহব্যাপী ‘জাতীয় শিল্পমেলা-২০১৯’ এর উদ্বোধনকালে এ প্রশ্ন করেন তিনি।
কিছু কিছু ব্যাংক মালিকের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি দেশে শিল্পায়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ব্যাংক ঋণ। ব্যাংকের ব্যাপারটা আমরা দেখছি। কয়েকদিন আগে আমরা বসেছিলাম, কীভাবে ব্যাংকের সুদের হার কমানো যায়। সঙ্গে সঙ্গে এটাও আমার অনুরোধ থাকবে যারাই এই ঋণটা নেবেন আপনারাও যদি টাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে দেন বা সুদটা পরিশোধ করেন তাহলে ব্যাংকগুলো সচল থাকে। তখন কিন্তু সুদের হার কমানোটা খুব একটা কঠিন হবে না।
একবার উদ্যোগ নিলাম সঙ্গে সঙ্গে কথাও বললাম। বেশকিছু সুযোগ-সুবিধাও করে দিলাম। যেমন আগে আমাদের সরকারি প্রতিষ্ঠানের ৭০ ভাগ অর্থ সরকারি ব্যাংকে আর ৩০ ভাগ বেসরকারি ব্যাংকে রাখা হতো। ব্যাংকের মালিকরা বললেন এটা যদি ফিফটি ফিফটি করে দেয়া হয়, তাহলে আমরা (সুদের হার) সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবো। সেটাও কিন্তু করে দেয়ার জন্য প্রস্তুত হলাম এবং দিলাম। কিছু ব্যাংকে ঠিকই সুদের হার ৯ পারসেন্টে নামানো হলো। কিন্তু সকলে তা করলো না। বাড়াতে বাড়াতে ১৪, ১৫, ১৬ তে নিয়ে গেল। কেন করল না তাদের এই সুযোগটা দেয়া সত্ত্বেও?
শেখ হাসিনা বলেন, এখন আমার এখানে প্রশ্নটা হচ্ছে, এই ব্যাংকের মালিক যারা তাদেরও তো শিল্প কলকারখানা আছে। তারাও তো ব্যবসা-বাণিজ্য করে। এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে। তারা ব্যাংকও চালাচ্ছে, শিল্পও চালাচ্ছে আবার তারা সুদের হার কমাবে না। তাহলে তাদের ব্যবসা কি কি আছে, না আছে, ট্যাক্সটা ঠিকমতো দিচ্ছে কিনা, ভ্যাট ঠিকমতো দিচ্ছে কিনা, কাঁচামাল ঠিকমতো আছে কিনা।
শুধু সরকারই সব করে দেবে তা তো না। আমরা তো বেসরকারি খাতকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিয়েছি। বেসরকারি খাতকে কিন্তু আমাদের সংবিধানেই স্বীকৃতি দেয়া আছে। আমি সরকারে আসার পর বেসরকারি খাতটা সবচেয়ে বেশি উন্মুক্ত করে দিয়েছি।
তিনি বলেন, আমাদের একটা সার্বিক হিসাবে আছে দেশে ৭৮ লাখের মতো শিল্প কারখানা বেসরকারি খাতে আছে। প্রতি বছর সেখানে যদি একটা মানুষ কাজের সুযোগ পায় তাহলে ৭৮ লাখ লোক তো কাজ পেলো। তারপরও কেন আমাদের হচ্ছে না সেটা হলো কথা।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ না দেয়া আরেকটা প্রবণতা। এই প্রবণতাটাও দূর করতে হবে। ব্যাংকের যে টাকা, এ টাকার মালিক তো জনগণ।
বেসরকারি খাতে আমরা ব্যাপকভাবে ব্যাংক করার সুযোগ করে দিয়েছি। আমার সরকারের আমলে সবচেয়ে বেশি ব্যাংক-বীমা করার সুযোগ-সুবিধা আমরা দিয়েছি। ব্যাংক শুধু দিলেই হবে না। মানুষের মধ্যে ব্যাংক ব্যবহারের একটা প্রবণতাও তৈরি করতে হবে। সেটাও আমরা করে দিয়েছি।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ইমার্জেন্সি টাইমেও অনেকেই ভুক্তভোগী। অনেক ব্যবসায়ীকে কষ্ট পেতে হয়েছে আমি জানি। কেউ জেলে গেছেন, কেউ দেশছাড়া। কারও ব্যবসা-বাণিজ্য, কারও শিল্প বন্ধ প্রায় দুই বছর পর্যন্ত। তাদের জন্য আমরা এরই মধ্যে সুযোগ সৃষ্টি করে দিয়েছি। তাদের জন্য আমরা ইতিমধ্যে বিশেষভাবে প্রণোদনা দিয়েছি এবং ভবিষ্যতে আরো দিয়ে- আমরা চাই ব্যবসায়ীরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং ব্যবসা-বাণিজ্য ভালোভাবে করতে পারে শিল্পায়নটা আরো দ্রুত যেন হয়। শিল্পকারখানার মালিকদের বর্জ্য ব্যবস্থাপনায়ও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব না। আমাদের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। কিন্তু এ কৃষিভিত্তিক শিল্প আমাদের দরকার। সে ক্ষেত্রে একদিকে আমাদের যেমন শিল্পায়ন প্রয়োজন অপরদিকে আমাদের কৃষিপণ্য এবং খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করার শিল্পের উপরও গুরুত্ব দিতে হবে। কৃষিপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাত ও বিদেশে রপ্তানির জন্য নতুন নতুন বাজার খোঁজার ওপর গুরুত্ব দেন তিনি। তবে শিল্পায়ন করতে গিয়ে কৃষি জমি যেন নষ্ট না হয় সেদিকেও নজরও দিতে বলেন।
পণ্য রপ্তানিতে বিভিন্ন সুযোগ-সবিধা দেয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমরা যদি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি করতে চাই তাহলে কার্গো আমাদের খুব গুরুত্বপূর্ণ। এখন কার্গো ভাড়া করে চালানো হচ্ছে। বিমানকে আমি নির্দেশ দিয়েছি যে, বিমানকে শুধু প্যাসেঞ্জার টেনে লাভজনক করা যাবে না। কার্গো আমাদের দরকার। কার্গো ভিলেজ আমাদের তৈরি করা দরকার।
পণ্যগুলো যেন যথাযথভাবে, মানসম্মতভাবে সেখান থাকে এবং ২৪ ঘণ্টার ভেতর পাঠিয়ে দিতে পারি বিদেশে, সে ধরনের ব্যবস্থাপনায় আমাদের যেতে হবে। সেটায় যেতে গেলে বিদেশ থেকে কটা কার্গো ভাড়া করে নিয়ে আসব সেটা হবে না। আমাদের নিজস্ব কিছু থাকা দরকার, যাতে দেশের জন্য লাভজনক হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিল্প উদ্যোক্তাদেরও এখন চিন্তা করতে হবে নতুনভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করে আমরা কীভাবে শিল্পায়ন ঘটাতে পারি। দেশের জনগণকে মেধাবী আখ্যায়িত করে তিনি বলেন, ডিজিটাল ডিভাইস তৈরি এবং রপ্তানির ক্ষেত্রে আমরা এই মেধাকে কাজে লাগাতে পারি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।























































