সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুদক ব্যর্থ মিস্টার খান আপনিও ব্যর্থ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৯


ডেস্ক রিপোর্ট :
অর্থ পাচারের মামলায় বেসিক ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক শিপার আহমেদের জামিন বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন গতকাল সোমবার খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

শুনানির একপর্যায়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খানকে প্রধান বিচারপতি বলেন, ‘দুদক ফেইলর,মিস্টার খান আপনিও ফেইলর?’ খুরশীদ আলম তখন বলেন, ‘এভাবে যদি বলেন তাহলে মিডিয়া তো এ বক্তব্য লুফে নেবে। আমাদের দুদকের মামলায় সাজা পাওয়ার হার ৭২ ভাগ। যেখানে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র একভাগ। তা হলে দুদক কীভাবে ব্যর্থ হলো?’ জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আপনার মত প্রসিকিউটর আছে বলেই তো সম্ভব হয়েছে।’

এর আগে দুদক কৌঁসুলি শুনানিতে বলেন, ‘আসামির বিরুদ্ধে ৯ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। এ অবস্থায় জামিন বহাল রাখা হলে তদন্তে প্রভাব সৃষ্টি করতে পারে।’ এ পর্যায়ে আদালত বলেন, ‘দেশের মধ্যে অর্থ পাচারের সুযোগ আছে?’ দুদক কৌঁসুলি বলেন, ‘আইনে এ বিষয়ে পরিষ্কার বলা আছে।’ তার পর আদালত বললেন, ‘উনি (আসামি) কতদিন কাস্টডিতে আছেন।’ আইনজীবী বলেন, ‘এই মামলায় তিন মাস। তদন্ত চলছে।’

গত বছরের ১৩ আগস্ট গুলশান থানায় মানি লন্ডারিংয়ের অভিযোগে একটি মামলা হয়। এতে আসামি শিপার আহমেদকে হাইকোর্ট জামিন দেন। তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানায় দুদক, যা গতকাল খারিজ হয়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি