ডেস্ক রিপোর্ট :
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, ‘বগুড়ায় বিএনপিতে ফাটল ধরেছে। আর এ কারণেই বিএনপির ঘাঁটি বগুড়ায় আওয়ামী লীগ ধিরে ধিরে জায়গা করে নিচ্ছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের যে অবস্থা বগুড়ায় বিএনপির সেই অবস্থায় ফিরিয়ে আনতে হবে।’
মঙ্গলবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেটের হল রুমে বগুড়া জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বুলু এসব কথা বলেন।
বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দেশে ১৯৭৫ সালে প্রথম বিনা ভোটে নির্বাচনের প্রথা চালু করা হয়। সেই ধারাবাহিকতায় এখনো চলছে বিনা ভোটের নির্বাচন।’
বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুশাসনের কারণে বেগম জিয়া জনপ্রিয় নেত্রীতে পরিণত হয়েছেন। আর এ কারণেই বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। বেগম জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না। তার সুচিকিৎসা জরুরি হয়ে পড়েছে।’
বুলু আরও বলেন, ‘এদেশে মুক্ত বাজার অর্থনীতি, গার্মেন্টস শিল্প, বেসরকারি খাতে শিল্প কারখানা প্রতিষ্ঠার প্রথম অনুমোদন দিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই এদেশের উন্নয়ন শুরু হয়েছিল।’
প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে বগুড়া জেলা বিএনপির কাউন্সিল করা হবে। এজন্য এই প্রতিনিধি সভার আয়োজন। গত ১২ বছর ধরে যারা রাজপথে আন্দোলন করেছেন, পুলিশের নির্যাতন সহ্য করেছেন, কারাভোগ করেছেন সেই নেতারাই জেলা কমিটিতে স্থান পাবেন।’
এদিকে, প্রতিনিধি সভায় যুবদল নেতাকর্মীদের প্রবেশ করা নিয়ে সভাস্থলে ব্যাপক হট্টগোলের কারণে নির্ধারিত সময়ের অনেক দেরিতে সভা শুরু হয়। এ কারণে প্রতিনিধি সভায় প্রথমার্ধে প্রধান বক্তা এবং প্রধান অতিথি ছাড়া আর কেউ বক্তব্য রাখেননি।
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য এএইচ এন ওবাইদুর রহমান চন্দন।























































