ডেস্ক রিপোর্ট :
এই মুহূর্তে বিশ্বের সেরা স্টাইকার কে বা কে কে? প্রশ্নটা করতেই চোখের সামনে ভেসে উঠে অনেক অনেক নাম। তবে কাকে ফেলে কাকে এগিয়ে রাখা হবে, তা বাছাই করা সত্যিই দুরূহ ব্যাপার। সেই কঠিন কাজটাই করেছে ‘ফোরফোর টু’। বেশ কিছু তথ্যকে মানদণ্ড করে ইংল্যান্ডের বিশ্বখ্যাত মাসিক ফুটবল সাময়িকী বেছে নিয়েছে বর্তমানের বিশ্বের সেরা স্ট্রাইকারকে।
একটু অবাক করা ব্যাপারই বটে। তথ্য-উপাত্তের ভিত্তিতে ফোরফোর টু’র বিচারে এই মুহূর্তেও বিশ্বের সেরা স্ট্রাইকার ক্রিস্তিয়ানো রোনালদো! সেরা দশের তালিকায় এরপর পর্যায়ক্রমে আছেন ২ নম্বরে টটেনহামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন, ৩-এ ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো, ৪ নম্বরে পিএসজির ফরাসি বিস্ময়বালক কিলিয়ান এমবাপে, ৫ নম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদের ফরাসি তারকা আতোইন গ্রিজমান, ৬-এ বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডভস্কি, ৭ নম্বরে বার্সেলোনার উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ, ৮-এ পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি, ৯ নম্বরে লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো এবং সর্বশেষ ১০ নম্বরে ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি!
ক্রিস্তিয়ানো রোনালদো
অনেকেই চমকে উঠতে পারেন, তালিকায় লিওনেল মেসির নাম কই! চমকে ওঠাটা স্বাভাবিকই। বর্তমানে নিঃসন্দেহে সবার চেয়ে সেরা ফর্মে আছেন মেসি। মাঠে নামলেই করছেন গোল। ইউরোপের শীর্ষ ৫টি লিগের ফরোয়ার্ডদের মধ্যে সর্বোচ্চ ৩২টি গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে প্রায় একক দাবিদার হয়ে উঠেছেন মেসি। সেই মেসির নাম নেই কেন?
হ্যারি কেইন
কারণ, ‘ফোরফোর টু’ মেসিকে খাঁটি স্ট্রাইকার হিসেবে বিবেচনা করেনি। মেসি আসলে খাঁটি ননও। তিনি স্বাধীন ফরোয়ার্ড। যা মূলত প্লে-মেকারের অন্য অন্য ভার্সন! কাজেই মেসি ছিলেন বিবেচনার বাইরে।
সার্জিও আগুয়েরো
যারা খাঁটি স্ট্রাইকার বিবেচনায় ছিলেন, তাতেও রয়েছে বিস্ময়! সাম্প্রতিক পারফরম্যান্স এবং গোলের হিসেবে এই মুহূর্তে এক নম্বর স্ট্রাইকারের খেতাবটি পাওয়ার কথা কিলিয়ান এমবাপের। মেসির পর এমবাপেই লিগে সবচেয়ে বেশি গোল করেছেন। মাত্র ২৪ ম্যাচেই ২৭টি গোল করেছেন তিনি।
কিলিয়ান এমবাপে
কিন্তু ‘ফোরফোর টু’র বিচারে সেই এমবাপে আছেন ৪ নম্বরে। এক নম্বরে মাত্র ১৯ গোল করা ক্রিস্তিয়ানো রোনালদো! এর কারণ, ফোরফোর টু’ ফুটবলারদের সাম্প্রতিক পারফরম্যান্স, লিগে ম্যাচ খেলার সংখ্যা, মাঠে কাটানো সময়, গোল সংখ্যা, বাজার মূল্য এবং তারকাখ্যাতি— এসব তথ্যের ওপর ভিত্তি করেই তালিকাটা করেছে। সাম্প্রতিক পারফরম্যান্স এবং গোল করায় এগিয়ে থাকলেও তাই এমবাপের জায়গা হয়েছে চারে। তার চেয়ে ৮টি কম গোল করেও রোনালদো একে।
আতোইন গ্রিজমান
শুধু রোনালদো নন, তালিকার ২ ও ৩ নম্বরে থাকা হ্যারি কেন এবং সার্জিও আগুয়েরোও গোল করায় এমবাপের চেয়ে অনেক পিছিয়ে। এমবাপে তবু ৪ নম্বরে জায়গা পেয়েছেন। ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে মেসি-এমবাপের পরে যে দু’জন, সেই ফ্যাবিও কাগলিয়ারেলা ও ক্রজিসতফ পিয়াতেক সেরা দশেও নেই! অথচ ২২ ও ২০ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে ৩ ও ৪ নম্বরে তারা। বিপরীতে মাত্র ১০ গোল করেই ইন্টার মিলানের মাউরো ইকার্দি জায়গা করে নিয়েছেন ফোরফোর টু’র সেরা দশে!
রবার্ট লেভান্ডভস্কি
সাম্পদোরিয়ার ইতালিয়ান স্ট্রাইকার কাগলিয়ারেলা ও এসি মিলানের পোলিশ তরুণ পিয়াতেকের জায়গা না পাওয়ার কারণ, তাদের তারকাখ্যাতি নেই। বাজার মূল্যও অনেক কম।
লুইস সুয়ারেজ
তালিকার এক নম্বরে থাকা জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার রোনালদো ২৬ ম্যাচ খেলে করেছেন ১৯ গোল। তার বাজার মূল্য ১০০ মিলিয়ন ইউরো। দুয়ে থাকা হ্যারি কেন লিগে ২৬ ম্যাচে করেছেন ১৭ গোল। তার বাজার মূল্য ১৫০ মিলিয়ন ইউরো।
এডিনসন কাভানি
তিন নম্বরের আগুয়েরো লিগে ২৭ ম্যাচে করেছেন ১৯ গোল। তার বাজার মূল্য ৭৫ মিলিয়ন ইউরো। এমবাপে ২৪ ম্যাচে করেছেন ২৭ গোল। তার বাজার মূল্য ২০০ মিলিয়ন ইউরো। বাজার মূল্যে তিনি দুনিয়ার সেরা। এর পরে থাকা গ্রিজমান লিগে করেছেন মাত্র ১৩ গোল। তার বাজার মূল্য ১৫০ মিলিয়ন ইউরো। ৬ নম্বরে থাকা লেভান্ডভস্তি ২৫ ম্যাচে করেছেন ১৮ গোল, বাজার মূল্য ৭০ মিলিয়ন ইউরো।
রবার্তো ফিরমিনো
৭ নম্বরে থাকা লুইস সুয়ারেজের বাজারমূল্য ৬০ মিলিয়ন ইউরো। তিনি ২৯ ম্যাচে গোল করেছেন ১৯টি। ৮ নম্বরের এডিনসন কাভানি মাত্র ১৬ ম্যাচেই গোল করেছেন ১৭টি, তার বাজার মূল্য ৫০ মিলিয়ন ইউরো। ৯ নম্বরে থাকা লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো ৩০ ম্যাচে করেছেন মাত্র ১২ গোল। তার বাজার মূল্য ৮০ মিলিয়ন ইউরো।
মাউরো ইকার্দি
১০ নম্বরে থাকা ইকার্দির কথা তো আছেই বলা হয়েছে। বিতর্কে জড়িয়ে অনেক দিন ধরেই মাঠের বাইরে থাকা আর্জেন্টাইন তারকা ২১ ম্যাচে করেছেন ১০ গোল। তার বাজার মূল্য ৯০ মিলিয়ন ইউরো।
উল্লেখ্য, মেসির মতো পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারও তালিকায় নেই। কারণ, তিনিও খাঁটি স্ট্রাইকার নন, খেলেন প্লে-মেকারের ভূমিকায়।

























































