
ডেস্ক রিপোর্ট :
বার্ন্যাব্যুর ডাগআউটে জিনেদিন জিদানের পা পড়ার সঙ্গে সঙ্গেই যেন পালটে গিয়েছিল দৃশ্যপট। হারতে থাকা রিয়াল মাদ্রিদও যেন ফিরে পেয়েছিল প্রাণ। সাবেক গুরু ফেরায় বেনজেমা-বেলরাও জ্বলে উঠেছিলেন আপন আলোয়। তবে না, দুই ম্যাচ পরেই পেতে হয়েছে হারের তিক্ত স্বাদ।
গত মাসে রিয়াল মাদ্রিদের দায়িত্বভার পুনরায় কাঁধে নেন ফরাসি কিংবদন্তি জিদান।
সান্তিয়াগো সোলারিকে বরখাস্ত করে জিদানের উপরই আস্থা রেখেছিলেন রিয়ালের হর্তা-কর্তা পেরেজ। তার অধীনের প্রথম দুই ম্যাচেই জয় এনে দিয়ে বার্তা দিয়েছিলেন তিনি, এসেছেন জিততেই।
নিজের তৃতীয় ম্যাচে এসে হারের স্বাদ পেতে হয়েছে জিনেদিন জিদানকে। এটাও ঠিক সবম্যাচে জয় পাওয়া কখনো সম্ভব নয়। লা লিগার পয়েন্ট টেবিলের পাঁচে থাকা ভ্যালেন্সিয়ার কাছে হারে জিদানের শিষ্যরা। ভ্যালেন্সিয়ার মাঠে গতরাতে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়েন রামোসরা।
ভ্যালেন্সিয়া ২-০ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো। একেবারে ম্যাচের অন্তিম মুহূর্তে এসে গোল খেয়ে বসে স্বাগতিকরা। ৯০ মিনিট পার হওয়ার পর যোগ করা সময়ে এসে গোল দিয়ে হারের ব্যবধান কমানোর সঙ্গে আক্ষেপও বাড়ান করিম বেনজেমা।
ভ্যালেন্সিয়ার হয়ে গোল দুটি করেন গনজালো গেডিস ও ইজাকুয়েল গেরে।
লা লিগায় ৩০ ম্যাচে ১৮ জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। তাদের পয়েন্ট ৫৭। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বার্সা সমান সংখ্যক ম্যাচে ২১ জয়ে ৭০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে। এ ছাড়া সমান সংখ্যক ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাটলিটিকো মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই ছিটকে পড়েছে এর আগে টান তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ। লা লিগায় ও জয়ের আশা নেই বললেই চলে। জিদানের জন্য আগামী মৌসুমের প্রস্তুতি নেওয়াটাই এখন সবচেয়ে বড় বিষয়।
























































