
ডেস্ক রিপোর্ট :
চোটের জন্য প্রায় আড়াই মাস মাঠের বাইরে থাকার পরে মাঠে ফিরেছেন পিএসজিতে খেলা ব্রাজিলীয় সুপারস্টার নেইমার জুনিয়র। নেইমারের মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি স্বয়ং। তার ফেরায় স্বস্তিতে আছে পিএসজি। এ ছাড়া কদিন পরেই কোপা আমেরিকা, ব্রাজিলের জন্য নেইমারের সুস্থতা অনেক বড় সুখবর।
চোট পাওয়ার পরে ব্রাজিলে ফিরে গিয়েছিলেন নেইমার। সেখান থেকে ফ্রান্সে ফিরে আসার পরে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন মিলানে। ক্লাবের পক্ষে এক টুইটে জানানো হয়েছে, ‘নেইমারের রিহ্যাব ঠিক পথেই চলছে। ক্লাবের বিশেষজ্ঞরা এ বার ওর পুরো পরীক্ষা নেবে। মেডিকেল এবং রেডিয়োলোজিকেল পরীক্ষা।’
পিএসজির হয়ে নেইমারকে মাঠে ফিরতে দেখা যেতে পারে ২৭ এপ্রিলের ফরাসি কাপ ফাইনালে। তার আগে অবশ্য সেমিফাইনালে জিততে হবে তার দলকে। নেইমারের পরের মওসুমে রিয়াল মাদ্রিদে যাওয়ার জল্পনাও চলছে।
জানা যাচ্ছে, জিনেদিন জিদান স্বয়ং তার ব্যাপারে আগ্রহী। রিয়াল ম্যানেজার অবশ্য এই প্রসঙ্গে এখনও সরাসরি কিছু বলেননি। তার মন্তব্য, ‘এখনও আমাদের লা লিগায় বেশ কয়েকটা ম্যাচ আছে। আগে সেগুলো শেষ হোক তার পরে দল নিয়ে ভাবা যাবে।
এমনিতে আমি ওদের বলে দিয়েছি, কী কী করা দরকার আমাদের ক্লাবে। রিয়াল কিন্তু একটা বড় প্রতিষ্ঠান। এখানে একক ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না।’
























































