ডেস্ক রিপোর্ট :
দলের চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শনিবার বেলা ১১-৩০টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ নেন।
মিছিল শুরু হলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন ও এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।























































