ডেস্ক রিপোর্ট :
অবশেষে সকল জল্পনা-কল্পনা শেষে বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে কেউ বাদ পড়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন আবার কেউ জায়গা পেয়ে অবাক হয়েছেন। তেমনি ওয়ানডে ক্রিকেটে অভিষেক না হওয়া আবু জাহেদ রাহি। বিশ্বকাপের স্কোয়াডে আছেন, এমন সংবাদে ভালো লাগার চেয়ে বিস্মিত বেশি হয়েছেন তিনি।
২০১৮ সালে টেস্ট এবং টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল রাহির। পাঁচ টেস্টে ১১ উইকেট এবং তিন টি-টোয়েন্টিতে ৪ উইকেট নেয়া রাহি নজর কেড়েছেন নির্বাচকদের। চলমান ডিপিএলেও বল হাতে ফর্মে আছেন তিনি। আশা করছিলেন ২০ সদস্যের দলে জায়গা পাবেন তিনি। কিন্তু ১৫ সদস্যের দলে নিজেকে আবিস্কার করে এক কথায় হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের সামনে এসে রাহি জানান, ‘অবশ্য বিস্ময়কর ছিলো। আশা করেছিলাম যে ২০ জনের মধ্যে থাকবো। এই মাঠে প্রিমিয়ার লীগের ২টি ম্যাচ খুব ভালো হয়েছে। তখন মনে হয়েছিলো যে ২০ জনের ভেতরে থাকবো। যখন শুনলাম যে ১৫ জনের মধ্যে আছি তখন আরেকটু বেশি অবাক হয়েছি।’
মূলত ইংলিশ কন্ডিশনে সুইং বোলারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই রাহিকে দলে ভিড়িয়েছে নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিজেই জানিয়েছেন, ‘সেই কন্ডিশনে আমরা যতটা দেখেছি যে ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে। আমাদের পেসারদের মধ্যে সুইং বোলারের সংখ্যা বেশ কম। সেই হিসেবে পেসারদের মধ্যে সুইং বোলার কাউকে যদি অন্তর্ভুক্ত করতে পারি তাহলে সেটি আমাদের জন্য প্লাস পয়েন্ট। সেই চিন্তা করে রাহিকে দলে রাখা হয়েছে।’
নিজেকে ইংলিশ কন্ডিশনের জন্য উপযুক্ত মানছেন রাহি নিজেও। নিজের শক্তির জায়গা বিশ্বকাপে কাজে লাগাতে মুখিয়ে আছেন ২৫ বছর বয়সী রাহি। তার ভাষায়, ‘ঐ সব দেশে বোলিং করা আমাদের জন্য আদর্শ বলতে গেলে। এসব দেশে বল সুইং করানো যায়। আর যেহেতু আমার মূল অস্ত্র সুইং সুতরাং আমি আশাবাদী।’

























































