ডেস্ক রিপোর্ট : গাজীপুরের কালিয়াকৈরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর মিকটুলা মিয়া নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার হরতুকিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মিকটুলা শেরপুর সদর থানার মালিনপার গোনাইমিয়া গ্রামের আশকর আলীর ছেলে। আর তাঁর সাবেক স্ত্রী ফাহিমা আক্তার একই থানার মাইকপাড়া গ্রামের ইনতাজ আলীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরতুকিতলা এলাকার বাদশা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ফাহিমা আক্তার স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। গতকাল রাতে ওই বাড়িতে আসেন তাঁর সাবেক স্বামী মিকটুলা মিয়া। একপর্যায়ে তিনি ছুরি দিয়ে ফাহিমাকে কোপাতে থাকেন। এ সময় ফাহিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মিকটুলা দৌড় দেন। একপর্যায়ে ছুরি পেটে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেন মিকটুলা। পরে মিকটুলা ও ফাহিমাকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ফাহিমার বাবা ইনতাজ আলী জানান, দুই বছর ধরে ফাহিমা ও মিকটুলা সংসার করে আসছিলেন। বিয়ের কয়েক মাস পর থেকে তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। পাঁচ-ছয় মাস আগে গ্রাম্য সালিসের মাধ্যমে তাঁদের বিচ্ছেদ হয়।
কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।




















































