ডেস্ক রিপোর্ট :
শ্রীলংকার রেস্তোরাঁয় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) লাশ শ্রীলংকা এয়ারলাইনসের একটি ফ্লাইটযোগে দেশের পথে রওনা দিয়েছে। দুপুর ১টা ১০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ পৌঁছানোর কথা রয়েছে।
আজ দুপুরে জায়ানের লাশ আসার পর সরাসরি বনানীর ২ নম্বর রোডের ৯ নম্বরে তার নানার (শেখ সেলিম) বাড়িতে নিয়ে আসা হবে। এর পর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে জায়ানকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই শেখ সেলিম। তাই পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয়ে যেত জায়ানকে। জায়ানে মৃত্যু দাগ কেটেছে প্রধানমন্ত্রীকে। মঙ্গলবার ব্রুনাই সফর থেকে ফিরে বিমানবন্দরেই আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।
শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৪৫ জনই শিশু যার মধ্যে রয়েছে বাংলাদেশের শিশু জায়ান চৌধুরী।
গত রবিবার শ্রীলঙ্কার তিন গির্জা ও তিন হোটেলসহ আটটি স্থানে বোমা হামলা চালানো হয়। হামলায় নিহতের পাশাপাশি আহত হয় অন্তত ৫০০ জন। এর মধ্য দিয়ে এক দশক আগে তামিল বিদ্রোহের অবসান ঘটানোর পর থেকে দেশটি সবচেয়ে বড় সহিংসতার শিকার হলো।
























































