ডেস্ক রিপোর্টঃ জেলার কুলাউড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে এক বখাটে। প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটের বর্বর হামলার শিকার হয় অষ্টম শ্রেণির ছাত্রী ছামিরা আক্তার (১৪)।
শনিবার দুপুরে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ঘাটেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে কুলাউড়া হাসপাতালে এবং পরে সিলেটে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলাকারী জুয়েলকে (১৯) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান, উপজেলা সদরের আলহেরা ইসলামী কেজি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে ছামিরা। স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল সে। পথে সাদীপুর গ্রামের বকুল মিয়ার বখাটে ছেলে জুয়েল বঁটিদা (স্থানীয় ভাষায় আইদা) দিয়ে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিতে ছামিরার ওপর হামলা চালায়। এ সময় ছামিরার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে ঘটনাস্থলে এগিয়ে আসা লোকজন জুয়েলকে দাসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ জুয়েলকে আটক করে থানায় নিয়ে আসে।























































